HomeScrollআসল তৃণমূল কে? জোড়াফুলের দখল নিয়ে সিদ্ধান্ত ঝুলল, তিন সপ্তাহ সময় পেল...
TMC Symbol Dispute

আসল তৃণমূল কে? জোড়াফুলের দখল নিয়ে সিদ্ধান্ত ঝুলল, তিন সপ্তাহ সময় পেল দুই শিবির

জোড়াফুল প্রতীক কার হাতে থাকবে? কমিশনের শুনানির পরেও কাটল না জট, হলফনামা জমার নির্দেশ দুই পক্ষকে

ওয়েব ডেস্ক : তৃণমূলের (TMC) নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে দুই শিবিরের বিরোধে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারল না নির্বাচন কমিশন (Election Commission)। দিল্লিতে দীর্ঘ শুনানির পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির এবং কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে আরও তিন সপ্তাহ সময় দিল কমিশন। ফলে জোড়াফুল প্রতীকের মালিকানা নিয়ে আপাতত অনিশ্চয়তা বজায় রইল।

কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ১৪ দিনের মধ্যে নিজেদের হলফনামা জমা দিতে হবে ঋতব্রত শিবিরকে। এরপরের সাত দিনের মধ্যে পাল্টা হলফনামা জমা দেওয়ার সুযোগ পাবে কালীঘাট শিবির। নতুন করে নথি জমা দেওয়ার জন্য ঋতব্রতদের আবেদনের বিরোধিতা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দুই পক্ষের বক্তব্য শোনার পরই অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

আরও খবর :  সংসদের বিশেষ অধিবেশনে ভোট দিতে পারবেন তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদ : সূত্র

দিল্লির নির্বাচন সদনে শুনানিতে কালীঘাট শিবিরের হয়ে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের হয়ে হাজির ছিলেন ঋতব্রত, আখরুজ্জামান এবং তাঁদের আইনজীবীরা। শুনানি শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ঋতব্রত শিবির মূল আবেদনের বাইরে গিয়ে নতুন বিষয় তুলে ধরতে চাইছে। নির্ধারিত সময়ের মধ্যে পাল্টা হলফনামা জমা না দিয়ে লিখিত বক্তব্য পেশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কয়েকজন বিধায়ককে ভয় দেখিয়ে এবং ভুল বুঝিয়ে নথিতে সই করানো হয়েছিল। সংশ্লিষ্ট বিধায়কদের কয়েকজন থানায় অভিযোগও জানিয়েছেন বলে কমিশনকে জানানো হয়েছে। আগে প্রয়োজনীয় নথি জমা না দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তাঁরা। কমিশনের দেওয়া সময়ের মধ্যেই সমস্ত নথি জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ঋতব্রত।

উল্লেখ্য, রাজনৈতিক বিভাজনের পর দুই শিবিরের নাম ও নির্বাচনী প্রতীক আলাদা হয়েছে। ঋতব্রতদের সংগঠন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নামে পরিচিত। তাদের প্রতীক ‘খাম’। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তাদের প্রতীক ‘ফুটবলার’। এই বিরোধের জেরেই প্রতীক সংক্রান্ত সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।

গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে এই মামলার শুনানি শেষ করে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছিল। কমিশনের হাতে এখনও প্রায় এক মাস সময় রয়েছে। ফলে আগামী কয়েক সপ্তাহে দুই পক্ষের হলফনামা এবং নথি খতিয়ে দেখেই নির্ধারিত হবে, নাম ও প্রতীক নিয়ে কার দাবি গ্রহণযোগ্য হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News