ওয়েব ডেস্ক : নতুন বছরে সিকিম (Sikkim) ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে ভ্রমণের বাজেট তৈরির আগে জেনে নিন নতুন নিয়ম। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে রাজ্যের নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চল এবং নিয়ন্ত্রিত পর্যটন রুটে প্রবেশকারী গাড়ির জন্য চালু হচ্ছে সংশোধিত ফি কাঠামো। ফলে নাথুলা পাস, ছাঙ্গু লেক, বাবা মন্দির কিংবা জুলুক ঘুরতে গেলে পর্যটকদের গাড়িভাড়া ও যাতায়াতের খরচ বাড়তে পারে।
গত ২৩ নভেম্বর সিকিমের স্বরাষ্ট্র দফতর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নিয়ম কার্যকর হবে গ্যাংটক, পাকিয়ং এবং মাঙ্গান বিভাগের অধীন নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চলে। নাথুলা-ছাঙ্গু লেক-বাবা মন্দির-জুলুক-লিংটাম সার্কিটের পাশাপাশি মাঙ্গান বিভাগের কয়েকটি নিয়ন্ত্রিত এলাকাও এই তালিকায় রয়েছে। গাড়ির চালক-সহ মোট আসনসংখ্যা এবং কোন বিভাগের এলাকায় প্রবেশ করা হচ্ছে, তার উপর নির্ভর করবে ফি।
গ্যাংটক-পাকিয়ং বিভাগে পাঁচ আসনের এবং ১০০০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন চারচাকার গাড়ির জন্য দিতে হবে ১,৫০০ টাকা। ৬ থেকে ১০ আসনের গাড়ির ক্ষেত্রে ফি ২,৫০০ টাকা। ১১ থেকে ১৫ আসনের ফোর্স বা টেম্পো ট্রাভেলারের জন্য ৪,৫০০ টাকা ধার্য হয়েছে। ১৬ থেকে ২০ আসনের বাসে ৬,৫০০ টাকা, ২১ থেকে ৩০ আসনের বাসে ৭,৫০০ টাকা এবং ৩০-এর বেশি আসনের বাসে দিতে হবে ১০ হাজার টাকা। মাঙ্গান বিভাগে একই ক্রমে ফি হবে ১,২০০, ১,৫০০, ২,৫০০, ৩,৫০০, ৫,৫০০ এবং ৭,৫০০ টাকা।
আরও খবর : হাউন্সলোয় হুল্লোড়ের কালীপুজোয় প্রবাসে এক টুকরো বাংলা
ব্যক্তিগত মোটরবাইকের জন্য প্রবেশ ফি ৭৫০ টাকা। সঙ্গে পিলিয়ন আরোহী থাকলে অতিরিক্ত ৩৫০ টাকা দিতে হবে। সিকিমের রেজিস্ট্রেশনযুক্ত মোটরবাইক ট্যাক্সির ক্ষেত্রে চালকের গাড়ির জন্য ৩৫০ টাকা এবং পিলিয়ন আরোহীর জন্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে।
তবে ২০২৫ সালের মার্চ থেকে চালু হওয়া ৫০ টাকার পর্যটক প্রবেশ ফি এবং ২০২৭ সালের এই নতুন গাড়ির ফি এক নয়। আগের ফি হোটেলে চেক-ইনের সময় নেওয়া হয় এবং নির্দিষ্ট শর্তে পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য। পাঁচ বছরের কম বয়সি শিশু ও সরকারি কাজে যাওয়া ব্যক্তিরা এই ফি থেকে ছাড় পান। অন্যদিকে, নতুন ফি কেবল বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট এলাকায় প্রবেশকারী যানবাহনের জন্য।
নতুন নিয়মে বৈধ সিকিম সাবজেক্ট সার্টিফিকেট, আইডেন্টিফিকেশন সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা সিকিমের ভোটার পরিচয়পত্র থাকা বাসিন্দারা পারমিট ফি থেকে ছাড় পাবেন। ডজংগু এলাকায় সানকালাং ও ফেদাং রুট দিয়ে হোমস্টে বা দর্শনীয় স্থানে যাওয়ার জন্য অনলাইন পারমিট প্রয়োজন হলেও নির্দিষ্ট ক্ষেত্রে কোনও পারমিট ফি বা পরিষেবা চার্জ দিতে হবে না।
পারমিট ব্যবস্থার তদারকি করবে স্বরাষ্ট্র দফতর। পর্যটকদের পারমিট সংক্রান্ত প্রক্রিয়ায় সহায়তা করবে পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ দফতর। প্রশাসনের বক্তব্য, নিরাপত্তা, জনসুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করতেই এই ব্যবস্থা। তাই ২০২৭ সালে সিকিমে গাড়ি নিয়ে যাওয়ার আগে নির্দিষ্ট রুট ও গাড়ির আসনসংখ্যা অনুযায়ী প্রযোজ্য ফি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।







