ওয়েব ডেস্ক : সুপ্রিম কোর্টের বিদেশযাত্রার অনুমতি পাওয়ার পরই নতুন জটিলতায় জড়ান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়াকে কেন্দ্র করে শুরু হয় আইনি টানাপোড়েন। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। নির্দেশ দিয়ে বলেন, আজকের মধ্যেই ব্যাঙ্ক (Bank) কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথি জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, একজন আধিকারিক তাঁর বাড়িতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর সংগ্রহ করবেন। তবে বাড়িতে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক আধিকারিককে। এমনই নির্দেশ দিলেন বিচারপতি। আগামী সোমবার মামলাটির পরবর্তী শুনানি।
বৃহস্পতিবার মামলার শুনানিতে ব্যাঙ্কের আইনজীবী জানান, স্থানীয়ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি। ব্যাঙ্কের কেন্দ্রীয় নিরীক্ষণ দল নিরাপত্তার স্বার্থে অ্যাকাউন্টটি বন্ধ করেছে। ব্যাঙ্কের দাবি, অন্য একটি মামলায় ইডি যে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে, সেগুলির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) যোগ রয়েছে। সেই কারণেই কেওয়াইসি-র জন্য অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
আরও খবর : এসি-র তারে আগুন, বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ! মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ৯ মৃত্যুর নেপথ্যে কী?
এরপরই ব্যাঙ্কের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি কৃষ্ণা রাও, আপনাদের ই-কেওয়াইসির ব্যবস্থা নেই? গ্রাহককে ডেকে পাঠিয়েছেন কেন? ব্যাংকের পাঠানো নোটিস প্রসঙ্গে বিচারপতি বলেন, “নোটিস দেখে মনে হচ্ছে আপনাদের আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে বেশি আগ্রহী।” অভিষেকের আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটি ছবি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে দিয়ে দিতে পারেন, তাঁরা সেটি ভালো করে দেখে নিন। পাশাপাশি ব্যাংকের প্রয়োজনীয় নথির তালিকা জানাতে বলেন বিচারপতি। তাঁর প্রশ্ন, এই পরিষেবা কি আপনারা অন্যান্য গ্রাহকদেরও দেন?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্কঅ্যাকাউন্টের পাশাপাশি দুটি ক্রেডিট কার্ডও বন্ধ করা হয়েছে। তাঁর দাবি, কেওয়াইসি সংক্রান্ত নথি জমা দেওয়ার সময়সীমা আগামী ডিসেম্বর মাস পর্যন্ত রয়েছে।







