কলকাতা: কেন্দ্রীয় বাজেট (Budget 2026) পেশের দিন সকালেই সোনা–রুপোর বাজারে বড়সড় বদল। টানা কয়েক মাস রেকর্ড দামের পর হুড়মুড়িয়ে নেমেছে হলুদ ধাতুর দর (Gold Price Today)। দেশীয় ও আন্তর্জাতিক—দুই বাজারের প্রভাবেই এই পতন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে গয়না কেনা বা বিনিয়োগের পরিকল্পনা থাকলে আজকের দর নজরে রাখা জরুরি (Gold Price Drop)।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রতি ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দর উঠেছিল প্রায় ১,৮০,৭৭৯ টাকায়। সেখান থেকে নেমে সর্বনিম্ন ১,৪৯,০৭৫ টাকায় এসেছে। অর্থাৎ শীর্ষ দর থেকে প্রায় ৩১ হাজার টাকার বেশি পতন—শতকরা হিসেবে প্রায় ১৭–১৮ শতাংশ কমেছে দাম। আন্তর্জাতিক বাজারেও একই প্রবণতা। স্পট গোল্ডের দর সর্বোচ্চ ৫,৫৯৮ ডলার থেকে নেমে প্রায় ৪,৬৮৩ ডলারে এসেছে। বিশ্ববাজারে সংশোধনের প্রভাব সরাসরি পড়েছে দেশীয় বাজারেও।
আরও পড়ুন: বাজেট ২০২৬-এ সাধারণ মানুষের জন্য কী কী সুরহা হল?
ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি ১০ গ্রামে আনুমানিক দাম,
- ২৪ ক্যারেট: ১,৬৫,৭৯৫ টাকা
- ২২ ক্যারেট: ১,৫১,৮৬৮ টাকা
- ১৮ ক্যারেট: ১,২৪,৩৪৬ টাকা
বড় শহরগুলিতে খুচরো বাজারে ২৪ ক্যারেট সোনার দর ঘোরাফেরা করছে প্রায় ১,৬০,৫০০–১,৬০,৭৩০ টাকার মধ্যে। ২২ ক্যারেট প্রায় ₹১,৪৭ হাজারের ঘরে এবং ১৮ ক্যারেট ₹১.২০ লক্ষের আশেপাশে। এবার প্রশ্ন, বাজেটে কি আবার সোনার আমদানি শুল্ক কমবে? বাজারমহলের বড় অংশের মত, তার সম্ভাবনা কম। গত বছরই মোট শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছিল। ইতিমধ্যেই সোনা ও রূপার আমদানি রেকর্ড স্তরে পৌঁছেছে। তাই আরও শুল্কছাড় দিলে আমদানি আরও বাড়তে পারে—যা বাণিজ্য ঘাটতির উপর চাপ ফেলবে। বিশেষজ্ঞদের মতে, শুল্ক অপরিবর্তিত থাকাই বেশি সম্ভাব্য। বাজেট-পরবর্তী ট্রেডিং সেশন খোলার পর দামে আরও ওঠানামা দেখা যেতে পারে। এখন বাজারে চোখ রাখাই বুদ্ধিমানের কাজ।







