ওয়েব ডেস্ক : আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দলীয় কার্যালয় ভাঙার ঘটনায় আপাতত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, আগামী ৬ আগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল থাকবে। ওই দিন দুপুর ২টায় মামলার পরবর্তী শুনানি হবে।
এর আগে রবিবার ছুটির দিনেও বিশেষভাবে আদালত বসিয়ে সংশ্লিষ্ট নির্মাণ ভাঙার উপর স্থিতাবস্থার নির্দেশ জারি করা হয়েছিল। মঙ্গলবার সেই অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহারের আবেদন জানায় রাজ্য। অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহারের আবেদন করা হয়েছে। বিষয়টির দ্রুত শুনানিরও আর্জি জানান তিনি।
অন্যদিকে, লিপস অ্যান্ড বাউণ্ডসের পক্ষে আইনজীবী কিশোর দত্ত অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ভাঙার বিরুদ্ধে পৃথক আবেদন করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। রাজ্যের দাবি, ৫০৯ এবং ৫১২ নম্বর দাগের জমিতে নির্মাণ ভাঙা নিয়ে মামলা দায়ের হয়েছে। অথচ ওই দাগে কোনও ভাঙার কাজ হয়নি। প্রশাসনের দাবি, ভাঙা হয়েছে ৫০৭ নম্বর দাগে। তাই আগের স্থিতাবস্থার নির্দেশ প্রত্যাহার করা উচিত।
আরও খবর : দিঘার কাছেই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আজ সারাদিন বৃষ্টির দাপট কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!
এর জবাবে কিশোর দত্ত বলেন, জমির দাগ নম্বর নিয়েই মূল বিতর্ক রয়েছে এবং সেই বিষয়ে আদালতে বিস্তারিত বক্তব্য পেশ করা হবে। তাঁর দাবি, তাঁর মক্কেলই জমির মালিক। ভাঙার আগে সংশ্লিষ্ট সংস্থাকে কোনও নোটিস দেওয়া হয়নি। অভিযোগে কী ছিল বা কোন নথির ভিত্তিতে নির্মাণকে বেআইনি বলা হয়েছে, সেই তথ্যও দেওয়া হয়নি। এমনকি নিজেদের বক্তব্য জানানোর সুযোগ না দিয়েই ভাঙার পদক্ষেপ করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্মাণ বেআইনি হলেও আইন অনুযায়ী প্রথমে জমির মালিককে তা ভাঙার সুযোগ দিতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে মালিক ব্যবস্থা না নিলে তবেই কর্তৃপক্ষ পদক্ষেপ করতে পারে। এই ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ জানান, এই মামলায় তিনটি পৃথক আবেদন জমা পড়েছে। সব আবেদন একসঙ্গে শুনানি করা প্রয়োজন। তাই মামলার শুনানি আগামী ৬ আগস্ট পর্যন্ত মুলতবি রাখা হল। ততদিন পর্যন্ত আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দলীয় কার্যালয় ভাঙার উপর স্থিতাবস্থা বহাল থাকবে।







