ওয়েব ডেস্ক: নিট প্রশ্নফাঁসের (NEET Paper Leak) প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বড় স্বস্তি দিল বিহার (Bihar) সরকার। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের পাশাপাশি আটক পড়ুয়াদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজ্য সরকারের তরফে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সরকারি বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, ২৬ জুলাই সন্ধ্যা ৬টার আগে বিক্ষোভে অংশগ্রহণকারী কোনও ব্যক্তির বিরুদ্ধে আর কোনও আইনি পদক্ষেপ করা হবে না। একই সঙ্গে ইতিমধ্যেই দায়ের হওয়া এফআইআর, ফৌজদারি মামলা এবং কারণ দর্শানোর নোটিশও প্রত্যাহার করা হবে। প্রশাসন জানিয়েছে, খুব শীঘ্রই সেই প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন: গোপন চেম্বারে লুকোনো গাঁজা! পুরুলিয়ায় ট্রাক আটকাতেই ফাঁস মাদকচক্র, ধৃত ৭
পুলিশের তথ্য অনুযায়ী, বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা বন্ধ এবং বিক্ষোভ কর্মসূচির জেরে মোট ৬৯৪ জনকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে ৩৩৯ জন নাবালককে পরে মুক্তি দেওয়া হয়। বাকি ৩৫৫ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছিল। এবার সেই মামলাগুলিও প্রত্যাহারের পথে।
উল্লেখযোগ্যভাবে, আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র অন্যতম প্রধান দাবি ছিল, আন্দোলনে অংশ নেওয়া কোনও ছাত্রছাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। সেই দাবির প্রেক্ষিতেই প্রথমে কেন্দ্র এবং পরে বিহার সরকারও নমনীয় অবস্থান নেয় বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি।
বিহার সরকারের এই সিদ্ধান্তকে নিট প্রশ্নফাঁস-কাণ্ড ঘিরে চলা আন্দোলনের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। যদিও বিরোধীদের একাংশের দাবি, শুধু মামলা প্রত্যাহার নয়, গোটা প্রশ্নফাঁসের ঘটনায় দায় নির্ধারণ এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়াই এখন সবচেয়ে জরুরি।







