নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Instagram) থেকে হঠাৎ উধাও হয়ে গেল বহুল আলোচিত একটি ভিডিও। নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুতে দেশবাসীর উদ্দেশে দেওয়া ওই ভিডিওটি পোস্ট হওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিপুল সাড়া ফেলেছিল। কিন্তু মঙ্গলবার সকালে দেখা যায়, ভিডিওটি আর দেখা যাচ্ছে না। বিষয়টি ঘিরে শুরু হয় জোর বিতর্ক।
মেটার তরফে পরে জানানো হয়, এটি কোনও নীতিগত সিদ্ধান্ত নয়, বরং একটি অনিচ্ছাকৃত প্রযুক্তিগত ত্রুটির ফল। সংস্থার দাবি, ভুলবশত ভিডিওটি সরিয়ে গিয়েছিল। পরে সেটি পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি এই অনভিপ্রেত ঘটনার জন্য ক্ষমাও চেয়েছে মেটা।
আরও পড়ুন: গোপন চেম্বারে লুকোনো গাঁজা! পুরুলিয়ায় ট্রাক আটকাতেই ফাঁস মাদকচক্র, ধৃত ৭
প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি প্রকাশের ১২ ঘণ্টার মধ্যেই প্রায় ২৭১ মিলিয়ন ভিউ, দেড় কোটির কাছাকাছি লাইক এবং ১৩ লক্ষেরও বেশি মন্তব্য পেয়েছিল। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম অনুসরণকারীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে, সূত্রের খবর, গোটা ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে মেটা এবং ইনস্টাগ্রামের শীর্ষ কর্তাদের তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল এবং ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি না হয়, তা নিয়েই ব্যাখ্যা চাওয়া হতে পারে বলে সূত্রের দাবি।
ঘটনাকে কেন্দ্র করে বিজেপিও মেটার বিরুদ্ধে সরব হয়েছে। দলের বক্তব্য, কোনও বিদেশি প্রযুক্তি সংস্থা ভারতীয় প্রধানমন্ত্রী বা দেশের নাগরিকরা কী ধরনের কনটেন্ট দেখবেন, সেই বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিতে পারে না। যদিও মেটা স্পষ্ট জানিয়েছে, ভিডিও অপসারণের পিছনে কোনও উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত ছিল না; সম্পূর্ণ ঘটনাই প্রযুক্তিগত ত্রুটির ফল।







