HomeScrollসুজয়ের ‘রক্ষাকবচ’ খারিজ হাইকোর্টে, সাত দিনের মধ্যে কত মামলা জানাতে নির্দেশ রাজ্যকে
Calcutta High Court

সুজয়ের ‘রক্ষাকবচ’ খারিজ হাইকোর্টে, সাত দিনের মধ্যে কত মামলা জানাতে নির্দেশ রাজ্যকে

সব মামলার হিসাব জানাতে রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: শালবনির (Salbani) জমি দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার ‘রক্ষাকবচ’-এর আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে তাঁর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় কতগুলি মামলা রয়েছে এবং কোন কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা সাত দিনের মধ্যে লিখিত ভাবে জানাতে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের লিগাল সেলের ডেপুটি ইনস্পেকটর জেনারেলকে এই তথ্য সুজয়কে জানানোর নির্দেশ দিয়েছেন।

আদালতে সুজয়ের আইনজীবী অভিযোগ করেন, গ্রেফতারের পর একের পর এক নতুন মামলা দেওয়া হচ্ছে তাঁর মক্কেলের বিরুদ্ধে। তাঁর আরও দাবি, সুজয় অসুস্থ এবং জেল হেফাজতে উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না। ভবিষ্যতে নতুন কোনও মামলায় তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ করা যাতে না হয়, সেই সুরক্ষাও চাওয়া হয় আদালতের কাছে।

আরও খবর : পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির

পাল্টা রাজ্যের এডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, ইতিমধ্যেই তিন-চারটি মামলায় সুজয়কে গ্রেফতার করা হয়েছে। তাঁর বক্তব্য, নিম্ন আদালতে ‘শ্যোন অ্যারেস্ট’-এর আবেদন যখন জানানো হয়েছিল, তখন সেই আবেদনের বিরোধিতা করেননি সুজয়ের আইনজীবী।

দুই পক্ষের বক্তব্য শোনার পর হাই কোর্ট আপাতত কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়নি। বরং রাজ্যকে সুজয়ের বিরুদ্ধে থাকা মামলাগুলির পূর্ণাঙ্গ হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে সেই তথ্য আদালত এবং সুজয়কে জানানোর নির্দেশ রয়েছে।

গত জুনে শালবনির জমি জালিয়াতির অভিযোগে সুজয়কে গ্রেফতার করা হয়। পরে মেদিনীপুরের কোতোয়ালি থানার একটি মামলাতেও তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। শালবনি ও মেদিনীপুর এলাকায় সরকারি জমির চরিত্র বদলে তা বিক্রির অভিযোগকে কেন্দ্র করে তদন্ত চলছে।

ফলে সুজয়ের বিরুদ্ধে মোট কতগুলি মামলা রয়েছে, এবং তার মধ্যে কতগুলিতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, হাইকোর্টের নির্দেশে সেই সংখ্যাই এখন স্পষ্ট হওয়ার অপেক্ষায়।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News