HomeScrollফোন থেকে এসএমএস, একাধিক উপায়ে মিলবে সাহায্য! কীভাবে কাজ করবে ডায়াল ১১২?
Emergency Helpline 112

ফোন থেকে এসএমএস, একাধিক উপায়ে মিলবে সাহায্য! কীভাবে কাজ করবে ডায়াল ১১২?

জরুরি পরিস্থিতিতে এক নম্বরেই মিলবে পুলিশের সাহায্য। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে নতুন গাড়ি ও মোটরবাইক পরিষেবার সূচনা, এবার ফোন, এসএমএস কিংবা অ্যাপের মাধ্যমে জানানো যাবে বিপদের খবর।

ওয়েব ডেস্ক : জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গে চালু হল ডায়াল ১১২’ পরিষেবা। শনিবার ১০ অক্টোবর সকাল ১১টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এই জরুরি পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhkari)। পরিষেবার জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৪৫০টি নতুন গাড়ি এবং ৪৫০টি মোটরবাইক। রাজ্যের ৪৫০টি থানায় প্রাথমিকভাবে একটি করে গাড়ি ও একটি করে মোটরবাইক দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে সারা দেশে জরুরি সহায়তার জন্য ১১২ নম্বর চালু রয়েছে। তবে এত দিন পশ্চিমবঙ্গে এই ব্যবস্থা কার্যকর ছিল না জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর রাজ্যে দ্রুত এই পরিষেবা চালুর বিষয়ে উদ্যোগী হন। নতুন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের যে কোনও প্রান্তে জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সাহায্য পৌঁছে দেওয়াই লক্ষ্য।

আরও খবর : এক ফোনেই হাজির হবে পুলিশ! মহালয়ায় বাংলায় চালু ১১২ পরিষেবা, বাহিনীতে যুক্ত হয়েছে ৪৫০ গাড়ি

কীভাবে কাজ করবে ডায়াল ১১২?

এবার থেকে রাজ্যে কোনও জরুরি পরিস্থিতির মুখে পড়লে সাধারণ মানুষ তিনভাবে পুলিশের সাহায্য চাইতে পারবেন। সরাসরি ১১২ নম্বরে ফোন করা যাবে। পাঠানো যাবে এসএমএস। এ ছাড়াও ১১২ ইন্ডিয়া অ্যাপের মাধ্যমে এসওএস বার্তা পাঠিয়ে সাহায্য চাওয়া যাবে।

এই ফোন, এসএমএস কিংবা অ্যাপের মাধ্যমে পাঠানো জরুরি বার্তা পৌঁছবে পাবলিক সেফটি অ্যানসারিং পয়েন্টে। সেখানে প্রশিক্ষিত কর্মীরা উন্নত প্রযুক্তির সাহায্যে অভিযোগ নথিভুক্ত করবেন এবং অভিযোগকারীর অবস্থান চিহ্নিত করবেন। এরপর কম্পিউটার এডেড ডিসপ্যাচ ব্যবস্থার মাধ্যমে ঘটনাস্থলের সবচেয়ে কাছের জরুরি পরিষেবার গাড়ি বা মোটরবাইক পাঠানো হবে। জরুরি পরিষেবার এই গাড়ি ও মোটরবাইকে থাকবে জিপিএস। ১১২ পরিষেবার সঙ্গে যুক্ত ট্যাব বা মোবাইল। এর ফলে অভিযোগকারীর অবস্থান শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর সুবিধা হবে পুলিশের। নতুন এই ব্যবস্থায় জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় কমানো এবং সাধারণ মানুষের কাছে পুলিশি পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়াই প্রধান লক্ষ্য।

রাজ্য সরকারের এই উদ্যোগে জরুরি পুলিশি সহায়তার জন্য আলাদা আলাদা নম্বর মনে রাখার প্রয়োজন কমবে। দুর্ঘটনা, বিপদ কিংবা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে ১১২ নম্বরে যোগাযোগ করলেই সহায়তা চাওয়া যাবে। সরকারি বিবৃতি অনুযায়ী, শনিবার থেকেই পশ্চিমবঙ্গের মানুষের পরিষেবায় চালু হল ডায়াল ১১২।

[youtube-feed feed=1]
Read More

Latest News