ওয়েব ডেস্ক : আধার কার্ডের (Aadhaar Card) তথ্য সংশোধন করতে আর প্রতিবার ছুটতে হবে না আধার কেন্দ্রে। নতুন অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই বেশ কিছু তথ্য আপডেট করার সুযোগ এনেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। তবে এই সুবিধা ব্যবহারের আগে জেনে রাখা জরুরি আপডেটের খরচ এবং সময়সীমা। কারণ, চলতি বছরের ৩১ ডিসেম্বরের পর কিছু তথ্য সংশোধনের ক্ষেত্রে ৭৫ টাকা দিতে হতে পারে।
নতুন অ্যাপটি স্মার্টফোনে ডাউনলোড করলেই মিলবে তথ্য পরিবর্তনের সুবিধা। নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা এবং মোবাইল নম্বর সংশোধনের জন্য বর্তমানে ৭৫ টাকা ধার্য রয়েছে। ইমেল আইডি আপডেট অবশ্য এখনও বিনামূল্যে করা যাচ্ছে। তবে ৩১ ডিসেম্বরের পর এই ক্ষেত্রেও ৭৫ টাকা লাগবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, বায়োমেট্রিক আপডেটের সঙ্গে একই সময়ে ডেমোগ্রাফিক তথ্য সংশোধন করালে আলাদা করে কোনও খরচ দিতে হবে না।
আরও খবর : মন্দিরে পশুবলি নিষিদ্ধ, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
আধারের নথি আপডেটের জন্য অবশ্য আরও কিছুটা সময় রয়েছে। পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ১৪ জুন। ‘মাই আধার’ পোর্টালের মাধ্যমে এই কাজ করা যাবে। পাশাপাশি, ৭ থেকে ১৫ বছর বয়সিদের বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে আগে যে নিখরচায় সুবিধা ছিল, এখন তার জন্য ১২৫ টাকা দিতে হবে। গত সেপ্টেম্বর পর্যন্ত এই আপডেট বিনামূল্যে করার সুযোগ ছিল।
নতুন অ্যাপে মোট পাঁচটি ফিচার রয়েছে। এর সাহায্যে নাম, ঠিকানা ও মোবাইল নম্বরের মতো তথ্য সংশোধন করা যাবে। তবে অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে এই পদ্ধতিতে আপডেট করা সম্ভব নয়।







