ওয়েব ডেস্ক : রাজধানী দিল্লিতে (Delhi) গোপন অভিযান চালিয়ে মণিপুরের (Manipur) নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার দক্ষিণ দিল্লির একটি গোপন আস্তানা থেকে তাঁকে আটক করে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। ধৃত ব্যক্তি মণিপুরের নিষিদ্ধ পিপলস লিবারেশন আর্মির সক্রিয় সদস্য বলে দাবি তদন্তকারীদের। তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নিরাপত্তা সংস্থাগুলির নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত। গ্রেফতারি এড়াতে দক্ষিণ দিল্লির একটি এলাকায় ভুয়ো পরিচয় ব্যবহার করে বসবাস করছিল সে। সম্প্রতি তাঁর অবস্থান সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য হাতে আসে পুলিশের। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়।
রাজ্য পুলিশের সংশ্লিষ্ট ইউনিট এবং নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে বিশেষ দল গঠন করে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। এরপর সন্দেহভাজনের অবস্থান চিহ্নিত করে এলাকায় নজরদারি শুরু হয়। শুক্রবার পরিকল্পনামাফিক অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
আরও খবর : বিহারে পুলিশের সঙ্গে গুলির লড়াই, এনকাউন্টারে খতম ৩ অভিযুক্ত! গুলিবিদ্ধ থানার ওসি
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মণিপুরের থৌবাল থানায় দায়ের হওয়া একাধিক গুরুতর মামলায় অভিযুক্তের খোঁজ চলছিল। তাঁর বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক কঠোর আইনি ধারায় অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সে কীভাবে নিরাপত্তা সংস্থাগুলির চোখ এড়িয়ে রাজধানীতে বসবাস করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। তদন্তে সহযোগিতা করছে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি। দিল্লিতে আত্মগোপনের পিছনে তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বিশেষ করে রাজধানী কিংবা সংলগ্ন এলাকায় কোনও হামলা বা নাশকতার পরিকল্পনা ছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এমন কোনও পরিকল্পনার প্রমাণ সামনে আসার কথা জানানো হয়নি।
উল্লেখ্য, ১৯৭৮ সালে মণিপুরে পিপলস লিবারেশন আর্মি গঠিত হয়। স্বাধীন ও সার্বভৌম মণিপুর প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সংগঠনটি বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালিয়ে আসছে। সংগঠনটির রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইউএপিএ আইনে এই দুই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। পরবর্তী সময়ে সেই নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানো হয়েছে।
রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের সদস্যের গ্রেফতারির পর তাঁর যোগাযোগ এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। দিল্লিতে থাকার সময় কার কার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।







