ওয়েব ডেস্ক : বিহারের (Bihar) পাটনায় পুলিশের (Police) সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল তিন অভিযুক্তের। শুক্রবার ভোরে মনের থানার অন্তর্গত শেরপুরে গঙ্গার ধারের এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন মনের থানার ভারপ্রাপ্ত আধিকারিক রজনীশ কুমার। তাঁর বাঁ হাতে গুলি লাগে। আহত তিন অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনা এসটিএফ এবং জেলা পুলিশের যৌথ বাহিনী অপরাধ দমনে অভিযান চালাচ্ছিল। সেই সময় শেরপুর এলাকায় কয়েকজন অপরাধীর জমায়েত এবং বড় ধরনের অপরাধের পরিকল্পনার খবর আসে। এরপরই এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছতেই অভিযুক্তরা গুলি চালাতে শুরু করে বলে পুলিশের দাবি। পালটা জবাব দেয় পুলিশও। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। গুলি থামার পর ঘটনাস্থল থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।
আরও খবর : ভোটের দিনক্ষণ তৈরির নিয়মে বদল নির্বাচন কমিশনের! একক দায়িত্বে আর থাকছেন না মনীশ গর্গ
পাটনার সিনিয়র পুলিশ সুপার কার্তিক শর্মা জানিয়েছেন, সংঘর্ষে পুলিশ ১৮ রাউন্ড গুলি চালিয়েছে। অন্যদিকে, অভিযুক্তদের তরফে ২৪ রাউন্ডেরও বেশি গুলি চালানো হয় বলে দাবি পুলিশের। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি দেশি বন্দুক এবং বেশ কয়েকটি খালি কার্তুজ উদ্ধার হয়েছে।
পুলিশের দাবি, নিহত তিনজনের বিরুদ্ধেই একাধিক অপরাধের অভিযোগ ছিল। মনের এলাকায় অষ্টমীর দিন এক ব্যক্তিকে খুনের ঘটনায় তাঁদের খোঁজ চলছিল। দানাপুর, শাহপুর-সহ একাধিক থানা এলাকায় তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই হত্যাকাণ্ডের তদন্তের সূত্র ধরেই পুলিশের নজরে ছিলেন তাঁরা। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সংঘর্ষের পরিস্থিতি এবং উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহগুলির ময়নাতদন্তের প্রক্রিয়াও শুরু হয়েছে।







