ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে বিতর্ক। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ। নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বিরোধীদের একের পর এক প্রশ্ন। এই পরিস্থিতিতে নিজেদের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের কৌশল ঠিক করতে বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠকে বসছে বিরোধী জোট ইন্ডিয়া (INDIA Vloc)। বৈঠকে সভাপতিত্ব করার কথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। এমনটাই সূত্রের খবর।
বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে চলা বিতর্ক। বিরোধী দলগুলির অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে। তাদের দাবি, নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাব প্রয়োজন। এই অভিযোগকে সামনে রেখেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক কর্মসূচি আরও জোরদার করতে চাইছে বিরোধী জোট।
সূত্রের খবর, নির্বাচন কমিশনের দুই সদস্য সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী গত দশ মাসে এসআইআর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন বলে অভিযোগ সামনে এসেছে। এই বিষয়টি সামনে আসার পর নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কাজকর্ম ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও বেড়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশনের বক্তব্য, কোনও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আলোচনায় মতপার্থক্য থাকা স্বাভাবিক এবং তাদের সিদ্ধান্তগুলি নির্ধারিত আইন ও প্রক্রিয়া মেনেই নেওয়া হয়।
আরও খবর : সাত দিন জেল খেটে জামিন! যন্তর মন্তরে আর প্রতিবাদ নয়, মুচলেকায় কী প্রতিশ্রুতি দিলেন আশুতোষ-সৌরভ?
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও বিরোধীদের আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছেন। বিরোধীদের দাবি, ভোটার তালিকার নির্ভুলতা এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। তবে বৈঠক থেকে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনও নিশ্চিত নয়।
আগামী ১ নভেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রস্তাবিত সমাবেশের প্রস্তুতিও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচনী অনিয়মের অভিযোগকে সামনে রেখে কীভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে, কোন কোন কর্মসূচিতে জোর দেওয়া হবে এবং বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে বিরোধী জোটের নেতারা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নিজেদের আপত্তি তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্কের পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনি সুরক্ষা সংক্রান্ত আইন এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়েও বিরোধী নেতারা প্রশ্ন তুলেছেন। এই বিষয়গুলিও জোটের আলোচনায় গুরুত্ব পেতে পারে। ভোটগ্রহণের পদ্ধতি, ভোটার তালিকার সংশোধন এবং নির্বাচন পরিচালনার স্বচ্ছতা নিয়ে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করার চেষ্টা করতে পারে বিরোধী দলগুলি।







