ওয়েব ডেস্ক : টুলু মণ্ডলের (Tulu Mondal) মামলায় এবার সরাসরি সময়সীমা নির্ধারণ করল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। বুধবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর ডিভিশন বেঞ্চে শুনানির সময় জানানো হয়, আগামী ১৭ নভেম্বরের মধ্যে কলকাতায় পৌঁছতে হবে পাথর ব্যবসায়ীকে। তাঁর ফেরার দিন থেকেই তিন সপ্তাহের জন্য কার্যকর হবে সাময়িক রক্ষাকবচ। অর্থাৎ আদালতের দেওয়া এই সুবিধা পেতে হলে প্রথমেই দেশে ফিরে কলকাতায় উপস্থিত হতে হবে তাঁকে।
মঙ্গলবারই এই সুরক্ষার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু মণ্ডলের আইনজীবী। তাঁর আইনজীবীর বক্তব্য ছিল, টুলু দেশে ফিরে তদন্তে সহযোগিতা করতে রাজি। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে হাজিরা দিতেও আপত্তি নেই তাঁর। সেই যুক্তিতে কয়েক সপ্তাহের জন্য অন্তর্বর্তী সুরক্ষার আবেদন জানানো হয়েছিল। কিন্তু রাজ্যের বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মামলাটিকে রাজনৈতিক বিরোধের রূপ দেওয়া ঠিক হবে না। তাঁর অভিযোগ, টুলু একটি বৃহত্তর অপরাধমূলক চক্রের সঙ্গে যুক্ত। তাঁর কার্যকলাপের তদন্তে আরও অভিযোগ সামনে আসতে পারে এবং প্রয়োজনে নতুন এফআইআরও দায়ের করা হতে পারে। রাজ্যের তরফে আরও আশঙ্কা প্রকাশ করা হয়, বাংলায় ফিরে সুরক্ষাকবচের সুযোগ নিয়ে প্রভাব বিস্তার করতে পারেন অভিযুক্ত। এতে তদন্তের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও খবর : SIR-এর খসড়া ভোটার তালিকায় নাম বাদ? ফর্ম ৬ জমা দিতে পারবেন পুরনো ভোটাররাও, বড় ঘোষণা কমিশনের
দু’পক্ষের বক্তব্য বিবেচনা করে আদালত জানায়, ১৭ নভেম্বরের মধ্যে কলকাতায় ফিরতে হবে টুলুকে। তিনি যেদিন শহরে নামবেন, সেই দিন থেকে তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী সুরক্ষা বহাল থাকবে। পাশাপাশি ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সময়র মধ্যে কলকাতায় না ফিরলে আদালতের সামনে পরবর্তী পদক্ষেপের বিকল্প খোলা থাকবে।







