ওয়েব ডেস্ক : ফের ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুরের (Kanika Kapoor)। চার বছরের দাম্পত্যের পর ব্যবসায়ী স্বামী গৌতম হাতিরামানির (Gautam Hathiramani) সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা। মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি প্রকাশ করে বিচ্ছেদের কথা জানান তিনি। একই সঙ্গে জীবনের এই কঠিন সময়ে ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর আবেদন করেছেন অনুরাগীদের কাছে।
২০২২ সালের মে মাসে লন্ডনে গৌতমের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কণিকা। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং বন্ধুদের উপস্থিতিতে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। কিন্তু চার বছর কাটতে না কাটতেই সেই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন দু’জনে।
বিচ্ছেদের কথা জানিয়ে কণিকা লেখেন, অনেক ভাবনাচিন্তার পর তিনি এবং তাঁর স্বামী আলাদা পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি গৌতমের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন গায়িকা। এই পরিস্থিতিতে সকলের কাছে সহানুভূতি এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আবেদন করেছেন তিনি।
বিচ্ছেদের নেপথ্যে তৃতীয় ব্যক্তি?
কণিকার দ্বিতীয় সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসতেই সম্পর্কের টানাপড়েনের কারণ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে এই বিচ্ছেদ, এমন জল্পনা সরাসরি অস্বীকার করেছেন গায়িকা।
আরও খবর : ভবিষ্যতে আন্দোলন থেকে দূরে থাকার প্রতিশ্রুতি, বম্বে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা ইমরানের
এক সাক্ষাৎকারে কণিকা জানিয়েছেন, তাঁর জীবনে নতুন কোনও ব্যক্তি আসেননি। তাঁর জানা অনুযায়ী, গৌতমের জীবনেও তেমন কেউ নেই। পাশাপাশি স্বামীর কর্মস্থল নাইজেরিয়ার লাগোসে থাকতে অনিচ্ছুক হওয়ার কারণে সম্পর্ক ভেঙেছে, এমন দাবিও মানতে চাননি তিনি।গায়িকার বক্তব্য, একটি সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য সবসময় মহিলাকে দায়ী করার প্রবণতা অন্যায্য। স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের প্রকৃত পরিস্থিতি তাঁদের দু’জনের পক্ষেই সবচেয়ে ভালো বোঝা সম্ভব।
গৌতমের সঙ্গে এটি ছিল কণিকার দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৮ সালে প্রবাসী চিকিৎসক রাজ চন্দোকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সেই সংসারে তাঁদের তিন সন্তান রয়েছে। ২০১২ সালে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ভারতে ফিরে সঙ্গীতজগতে নিজের পরিচিতি তৈরি করেন কণিকা।
‘বেবি ডল’, ‘চিট্টিয়াঁ কলাইয়াঁ’-সহ একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে বলিউডে সাফল্য পেয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে গিয়েছেন গায়িকা। দ্বিতীয়বার দাম্পত্য ভাঙার সিদ্ধান্ত যে তাঁর কাছে সহজ নয়, সেটিও জানিয়েছেন কণিকা। তবে বিচ্ছেদের পরেও গৌতমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তিন সন্তানের দায়িত্ব এবং নিজের পেশাগত কাজকর্ম নিয়েই আগামী দিনে এগিয়ে যেতে চান গায়িকা।







