HomeScroll২৭ কোটির রেকর্ড ভাঙবে ৪০ কোটিতে? মেগা নিলামের আগে আইপিএলে নতুন চর্চা
IPL

২৭ কোটির রেকর্ড ভাঙবে ৪০ কোটিতে? মেগা নিলামের আগে আইপিএলে নতুন চর্চা

ক্রিকেটার ধরে রাখার অঙ্ক ঘিরে নতুন জল্পনা, ১২০ কোটি থেকে বেড়ে ১৫০ কোটি হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলির মোট পার্স

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) মেগা নিলামের আগেই ক্রিকেট মহলে নতুন চর্চা। নিজেদের দলে ধরে রাখতে কয়েকজন প্রথম সারির ক্রিকেটার নাকি ৪০ কোটি টাকা পর্যন্ত দাবি করেছেন বলে সূত্রের খবর। তাঁদের বক্তব্য, এই অঙ্কের অর্থ দেওয়া হলে পুরনো ফ্র্যাঞ্চাইজিতেই থেকে যেতে রাজি তাঁরা। আগামী বছরের মেগা নিলামের আগে এমন দাবি আরও কয়েকজন ক্রিকেটার তুলতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।

আইপিএলের (IPL) ইতিহাসে কোনও ক্রিকেটারের জন্য ৪০ কোটি টাকা দেওয়ার নজির নেই। ২০২৫ সালের নিলামে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকায় কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। এখনও পর্যন্ত নিলামে কোনও ক্রিকেটারের জন্য দেওয়া সর্বোচ্চ অর্থ সেটিই। ফলে ৪০ কোটির দাবি বাস্তবায়িত হলে আইপিএলের আর্থিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে।

বর্তমানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মোট বাজেট ১২০ কোটি টাকা। আগামী বছরের মেগা নিলামের আগে সেই অঙ্ক বাড়িয়ে প্রায় ১৫০ কোটি টাকা করা হতে পারে বলে সূত্রের খবর। এদিকে আইপিএল ২০২৭-এর মিনি নিলামের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ১০টি ফ্র্যাঞ্চাইজিকে ক্রিকেটার ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার সময়সীমা দু’দিন বাড়ানো হয়েছে। আগে ১৫ নভেম্বর ছিল শেষ দিন। এখন সেই সময়সীমা বাড়িয়ে ১৭ নভেম্বর করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে মিনি নিলাম।

আরও খবর :  বোর্ডের অন্দরে সংঘাতের জের, নাগাল্যান্ড ম্যাচের আগে গোটা মেঘালয় দল বদলে দিল ক্রিকেট সংস্থা

ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের তালিকা জমা দেওয়ার পর নিবন্ধিত ক্রিকেটারদের নাম পাঠাবে আইপিএল কর্তৃপক্ষ। এরপর দলগুলি পছন্দের ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে। নিলামের আগের সপ্তাহে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা এবং নিলামের বিভিন্ন পর্বের ক্রম।

২০২৭ সালের মিনি নিলাম বর্তমান চক্রের শেষ মিনি নিলাম। এই নিলামে অধিকাংশ দলের হাতে পাঁচ থেকে ছ’টি করে জায়গা খালি থাকতে পারে। তবে ২০২৮ সালের আইপিএলের আগে হতে চলা মেগা নিলামে ছবিটা সম্পূর্ণ আলাদা। সেখানে দলগুলিকে নতুন করে দল সাজানোর সুযোগ দেওয়া হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২৭ সালের ডিসেম্বরেই হতে পারে সেই মেগা নিলাম।

নিলামের আগেই দলবদলের বাজারে বড় চমক দিয়েছে দিল্লি ক্যাপিটালস। লখনউ সুপার জায়ান্টস থেকে প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থকে ফিরিয়ে এনেছে তারা। বিনিময়ে লখনউয়ে গিয়েছেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। আরও একটি অদলবদল হয়েছে দিল্লি ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। দিল্লি তাদের পেসার টি নটরাজনকে হায়দরাবাদে পাঠিয়েছে। পরিবর্তে দলে এসেছেন লেগ স্পিনার জিশান আনসারি। মিনি নিলামের আগে এই দলবদলগুলি আগামী মরশুমের দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

সব মিলিয়ে ২০২৭ সালের মিনি নিলামের আগে ক্রিকেটারদের ধরে রাখার অঙ্ক, ফ্র্যাঞ্চাইজিগুলির বাজেট বৃদ্ধি এবং দলবদল—সব কিছু ঘিরেই উত্তেজনা বাড়ছে। তবে আসল চমক অপেক্ষা করছে ২০২৮ সালের মেগা নিলামকে ঘিরে।

[youtube-feed feed=1]
Read More

Latest News