HomeScrollভুয়ো এক্সিট স্ট্যাম্পে নেপাল পালানোর ছক! পানিট্যাংকি সীমান্তে আটক ২

ভুয়ো এক্সিট স্ট্যাম্পে নেপাল পালানোর ছক! পানিট্যাংকি সীমান্তে আটক ২

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমাজুড়ে

খড়িবাড়ি: ইমিগ্রেশনের জাল ‘এক্সিট স্ট্যাম্প’ ব্যবহার করে ভারত (India) ছাড়ার চেষ্টা! খড়িবাড়ির (Khoribari) পানিট্যাংকি সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তে (India-Nepal Border) দুই থাই মহিলাকে আটক করল এসএসবি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি (Siliguri) মহকুমাজুড়ে। তদন্তকারীদের অনুমান, সীমান্তে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে জাল সরকারি সিল তৈরির একটি চক্র।

এসএসবি সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে একটি চারচাকা গাড়িতে করে ভারত থেকে নেপালে প্রবেশের উদ্দেশ্যে সীমান্তে পৌঁছন ওই দুই মহিলা। টহলরত এসএসবি জওয়ানদের সন্দেহ হয় তাঁদের পাসপোর্টে থাকা ভারতীয় ইমিগ্রেশনের ‘এক্সিট স্ট্যাম্প’ দেখে। জিজ্ঞাসাবাদ শুরু হতেই আচমকা গাড়িচালক এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাতেই সন্দেহ আরও ঘনীভূত হয়।

আরও পড়ুন: হাকিমপুর সীমান্তে আজও ভিড় বাংলাদেশিদের, ১০০ জনকে BGB’র হাতে তুলে দিল BSF

পরে ইমিগ্রেশন দফতরের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা যায়, ওই নামে কোনও এক্সিট স্ট্যাম্প ইস্যুই করা হয়নি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর দুই মহিলা স্বীকার করেন, তাঁদের পাসপোর্টে থাকা স্ট্যাম্প ভুয়ো। ধৃতদের নাম পিমচানোক কেটলা এবং চিনতারা বুদ্ধাফং। দু’জনেই থাইল্যান্ডের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত বছরের জুলাই মাস থেকেই মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে ভারতে ছিলেন তাঁরা। দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে জাল এক্সিট স্ট্যাম্প লাগিয়ে নেপালে পালানোর পরিকল্পনা ছিল বলে দাবি তদন্তকারীদের।

দিনভর জিজ্ঞাসাবাদের পর সরকারি নিরাপত্তা সিল জাল করা এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দুই মহিলাকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। শুক্রবার তাঁদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

তবে শুধু দুই বিদেশিনিকে গ্রেফতার করেই থামছে না তদন্ত। জাল ইমিগ্রেশন স্ট্যাম্প তৈরির পিছনে কোনও আন্তর্জাতিক চক্র সক্রিয় কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পালিয়ে যাওয়া গাড়িচালকের খোঁজও শুরু হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News