বসিরহাট: নেপালের ভয়াবহ দুর্যোগের (Nepal Flash Flood) মধ্যে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন বসিরহাটের শিক্ষক দম্পতি। কাঠমান্ডুতে (Kathmandu) নিরাপদে রয়েছেন বসিরহাটের ৭ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক অনুকূল পোদ্দার এবং তাঁর স্ত্রী রেবা পোদ্দার। বেশ কিছু সময় তাঁদের সঙ্গে যোগাযোগ করা না যাওয়ায় উদ্বেগে ছিলেন পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরা। অবশেষে ফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে।
পরিবার সূত্রে খবর, বেড়াতে নেপালে গিয়েছিলেন অনুকূল ও রেবা। নেপালে প্রাকৃতিক দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় বাড়িতে। পরে তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হলে কিছুটা স্বস্তি ফেরে।
ফোনে অনুকূল এবং রেবা জানিয়েছেন, তাঁদের উপর দিয়ে রীতিমতো বড় বিপদ চলে গিয়েছে। আপাতত তাঁরা কাঠমান্ডুতে নিরাপদেই রয়েছেন। তাঁদের সঙ্গে যাঁরা নেপালে গিয়েছিলেন, তাঁরাও নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে রবিবার বাড়ি ফেরার পরিকল্পনা রয়েছে তাঁদের।
আরও খবর : নেপালে হঠাৎ এই দুর্যোগের আসল কারণ কী জানেন?
পরিবারের দাবি, শনিবার সকালে তাঁরা ট্রেনে ওঠার কথা জানিয়েছেন। যদিও নেপালে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে রাজ্য সরকারের তরফে বিমানের ব্যবস্থা করার কথা জানানো হয়েছে। তাঁদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
অনুকূল-রেবার নিরাপদে থাকার খবর পাওয়ার পর স্বস্তি ফিরেছে বসিরহাটের কাছারিপাড়ায়। প্রতিবেশীরা চাইছেন, তাঁরা যে ভাবেই দেশে ফিরুন না কেন, সুস্থ এবং নিরাপদে বাড়িতে ফিরুন।
স্থানীয় বাসিন্দা দিলীপ কুমার দত্ত বলেন, দম্পতির সঙ্গে যোগাযোগ হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন। নেপালের ভয়াবহ পরিস্থিতির মধ্যে অল্পের জন্য বড় বিপদ এড়িয়েছেন তাঁরা বলেও জানান তিনি। এখন পরিবারের একটাই অপেক্ষা, কবে নিরাপদে বাড়ির দরজায় ফিরবেন অনুকূল এবং রেবা।







