HomeScrollগভীর নিম্নচাপের দাপট, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, ভিজবে কলকাতাও
Weather Update

গভীর নিম্নচাপের দাপট, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, ভিজবে কলকাতাও

গভীর নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির ভ্রূকুটি বাংলায়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি

কলকাতা: গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অস্বস্তি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জল জমেছে (Watelogged Kolkatra)। নতুন করে বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা (Weather Update)।

শুক্রবার ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কলকাতা ও হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

আরও খবর : নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল সরকার

নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগরও। আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রে ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে ১৫ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর তৈরি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আগামী দু’দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। কলকাতা-সহ শহরাঞ্চলে জল জমলে যান চলাচলেও তার প্রভাব পড়তে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News