ওয়েব ডেস্ক : চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর কালীপুজোর (Kali Puja) প্রস্তুতিতে বাড়তি সতর্ক নবান্ন (Nabanna)। আর দিন দশেকের অপেক্ষা। তারপরই আলোর উৎসবে মাতবে রাজ্য। উৎসবের আনন্দ যাতে কোনওভাবেই অন্ধকারে পরিণত না হয়, তার জন্য আগাম ব্যবস্থা নিতে চাইছে রাজ্য সরকার। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে জেলাভিত্তিক কালীপুজোর প্রস্তুতি খতিয়ে দেখার দায়িত্ব মন্ত্রীদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নির্দেশ অনুযায়ী, প্রতিটি জেলার দায়িত্বে থাকবেন একজন করে মন্ত্রী। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সংশ্লিষ্ট এলাকার কালীপুজোর প্রস্তুতির খুঁটিনাটি দেখবেন তাঁরা। বড় জেলার ক্ষেত্রে দু’জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। শুধু কালীপুজো নয়, জগদ্ধাত্রী পুজো এবং ছটপুজোর আয়োজনেও একই ধরনের নজরদারি চালাতে চায় নবান্ন। এদিনের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে আগামী ৫ নভেম্বর নবান্ন থেকেই এই নীতি ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও খবর : চোরবাগানকাণ্ডে কালিয়া-সেন্টুকে জেরা, এবার তদন্তকারীদের নজরে সিসিটিভি ফুটেজ
পাশাপাশি, ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম বদলে রাখা হয়েছে ‘মুখ্যমন্ত্রী কিষাণ সম্মাননিধি’। আগামী ৫ নভেম্বর পুরশুড়া থেকে প্রায় ৪৮ লক্ষ কৃষককে ২ হাজার টাকা করে দেওয়া হবে। অন্যদিকে, ১১ থেকে ১৮ নভেম্বর রাজ্যে পালিত হবে জনজাতি গৌরব দিবস। এছাড়াও, যে সব দপ্তর ইতিমধ্যে বাজেট বরাদ্দের ৩৫ শতাংশ অর্থ খরচ করেছে, তাদের পরবর্তী পর্যায়ের অর্থ বরাদ্দের জন্য অর্থ দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।







