HomeScrollনেপালের ভয়াবহ বন্যায় বসিরহাটের শিক্ষক দম্পতি নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার
Nepal Flash Flood

নেপালের ভয়াবহ বন্যায় বসিরহাটের শিক্ষক দম্পতি নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

একাধিক ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীর নিখোঁজের ঘটনায় উদ্বেগ বাড়ছে

বসিরহাট : নেপালে ভয়াবহ বন্যা ও হড়পা বানের পর একাধিক ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীর নিখোঁজের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই নেপালে গিয়ে নিখোঁজ উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাটের (Basirhat) অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি। তাঁদের কোনও খোঁজ না মেলায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে মণ্ডল পরিবার।

বসিরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের খান বাহাদুর রোডের বাসিন্দা স্বপন মণ্ডল ও তাঁর স্ত্রী মৌ মণ্ডল দু’জনেই পেশায় শিক্ষক ছিলেন। বর্তমানে দু’জনেই অবসরপ্রাপ্ত। পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় সাত দিন আগে তাঁরা নেপালে বেড়াতে যান। সেখান থেকে তাঁদের কৈলাস যাওয়ার কথা ছিল। কিন্তু নেপালে প্রাকৃতিক দুর্যোগের পর থেকেই তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মোবাইল ফোনও বন্ধ থাকায় উদ্বেগ আরও বেড়েছে। পরিবারের আশঙ্কা, নেপালের দুর্গম এলাকায় বন্যা ও হড়পা বানের জেরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই হয়তো তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। স্বপন ও মৌ মণ্ডলের খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্য থেকে প্রতিবেশীরাও।

আরও খবর : নেপালের ভয়াবহ হড়পা বানের কারণ কী? স্যাটেলাইট ছবিতে মিলল বড় সূত্র

পরিবারের একটাই আশা যে কোনওভাবে নিখোঁজ দম্পতির সন্ধান মিলুক এবং তাঁরা যেন সুস্থ ও নিরাপদে বাড়ি ফিরে আসেন। এদিকে নেপালের বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন ও নিরাপত্তাবাহিনী। নিখোঁজ ভারতীয় নাগরিকদের সন্ধানে নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে ভারতীয় দূতাবাসও।

[youtube-feed feed=1]
Read More

Latest News