HomeScrollপুনর্নিয়োগ ও চাকরির মেয়াদ বৃদ্ধি বাতিলে কড়া পদক্ষেপ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত শুভেন্দুর
Nabanna

পুনর্নিয়োগ ও চাকরির মেয়াদ বৃদ্ধি বাতিলে কড়া পদক্ষেপ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত শুভেন্দুর

নতুন সরকারের আমলে বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল নবান্ন

কলকাতা: নতুন সরকারের আমলে বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। বিভিন্ন বোর্ড, সংস্থা এবং পাবলিক সেক্টর ইউনিটে মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারম্যানদের মেয়াদ অবিলম্বে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৬০ বছরের বেশি বয়সে পুনর্নিয়োগ বা চাকরির মেয়াদ বৃদ্ধি পাওয়া আধিকারিকদের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি হয়েছে।

স্বরাষ্ট্র দফতরের তরফে জারি হওয়া নির্দেশিকা ইতিমধ্যেই সব দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব এবং সচিবদের কাছে পাঠানো হয়েছে। প্রশাসনিক স্তরে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: রহমতপুর গ্রাম পঞ্চায়েতের তালা খুলল বিজেপি, ফের শুরু প্রশাসনিক কাজ

রাজনৈতিক মহলের মতে, সরকার পরিবর্তনের পর প্রশাসনিক কাঠামোয় নিজেদের নিয়ন্ত্রণ ও নতুন কর্মপদ্ধতি গড়ে তুলতেই এই পদক্ষেপ করছে নতুন বিজেপি সরকার। বিশেষ করে পূর্বতন সরকারের আমলে বিভিন্ন দফতরে পুনর্নিয়োগ পাওয়া আধিকারিকদের ভূমিকা নিয়েও নতুন প্রশাসন খতিয়ে দেখতে চাইছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, রবিবারই মুখ্যমন্ত্রীর দফতরে দুই আইএএস আধিকারিককে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, এমএসএমই ও টেক্সটাইল দফতরের যুগ্ম সচিব পি প্রমথ (আইএএস, ২০১৯ ব্যাচ)-কে মুখ্যমন্ত্রীর দফতরে আনা হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক নবনীত মিত্তল (আইএএস, ২০২০ ব্যাচ)-কেও মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন পাঁচ মন্ত্রী এবং মুখ্যসচিব। বৈঠক শেষে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেন, “এই সরকার আমিত্ত্বে বিশ্বাস করে না। সবাই একসঙ্গে কাজ করবে। এমনভাবে কাজ করব যাতে সমালোচকরাও আমাদের সমালোচনা করতে না পারেন।”

নতুন সরকারের প্রশাসনিক রদবদল এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনে জোর চর্চা শুরু হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News