ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দক্ষিণ দিনাজপুর সফরে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার বালুরঘাটে (Balurghat) প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং বিভিন্ন সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে জেলার উন্নয়ন নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানান তিনি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বালুরঘাট বিমানবন্দর এবং প্রস্তাবিত দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজ।
দীর্ঘদিন ধরে কার্যত অচল হয়ে থাকা বালুরঘাট (Balurghat) বিমানবন্দরকে ফের সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শুভেন্দু জানান, ১ বছরের মধ্যে বালুরঘাট বিমানবন্দর চালু হবে। বিমানবন্দরটিকে বাণিজ্যিক উড়ানের উপযোগী করে দ্রুত চালু করার বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে জেলার সঙ্গে কলকাতা-সহ অন্য শহরের আকাশপথে যোগাযোগ ফের চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও খবর : রোলার চালিয়ে ২ লক্ষ ফেনসিডিল ধ্বংস শুভেন্দুর, নেশামুক্ত বাংলা গড়ার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
একই সঙ্গে দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ (Medical College) তৈরির কাজও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরকে কেন্দ্র করে প্রাথমিক পরিকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। ভূমিপুজো থেকে শুরু করে নির্মাণকাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে । কালী পুজোর আগেই এই প্রকল্পের ভূমিপুজো হয়ে যাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়েও পরিকল্পনার কথা সামনে এসেছে। সরকারি জমিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস গড়ে তোলার রূপরেখা তৈরি করা হচ্ছে।







