ওয়েব ডেস্ক : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই বৃষ্টির (Rain) দাপটে ভোগান্তির আশঙ্কা বাংলায়। বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও পরিস্থিতির বিশেষ উন্নতির ইঙ্গিত নেই। ফলে দুই বঙ্গের আবহাওয়ার দিকেই নজর রাখছেন আবহবিদরা।
দক্ষিণবঙ্গে কোথায় কোথায় ভারী বৃষ্টি?
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি রয়েছে।
আরও খবর : নতুন শিক্ষকদের রাজনীতিতে ‘না’, ভোটে লড়তেও পারবেন না! বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শনিবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব
স্থলভাগে প্রবেশের পর শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। বর্তমানে সেটি অতি গভীর নিম্নচাপ হিসেবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ছত্তিশগড়ের দিকে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও দুর্বল হতে পারে এই আবহাওয়া ব্যবস্থা। তবে অর্ণবের প্রভাবের পাশাপাশি দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে। ফলে বঙ্গোপসাগরের পরিস্থিতির উপর নজর রাখছেন আবহবিদরা।
সমুদ্রের পরিস্থিতির কথা মাথায় রেখে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে যাওয়ার পরিকল্পনা থাকলে সরকারি সতর্কতা ও আবহাওয়ার সর্বশেষ নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।







