HomeScroll৫ নভেম্বর ৫০ লক্ষের বেশি কৃষকের অ্যাকাউন্টে টাকা, পুরশুড়া থেকে হস্তান্তর করবেন...
Suvendu Adhikari

৫ নভেম্বর ৫০ লক্ষের বেশি কৃষকের অ্যাকাউন্টে টাকা, পুরশুড়া থেকে হস্তান্তর করবেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ৫০ লক্ষের বেশি নথিভুক্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী ৫ নভেম্বর অর্থ হস্তান্তরের সিদ্ধান্ত। হুগলির পুরশুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রক্রিয়া শুরু করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি সরকারি দফতরের বরাদ্দ এবং জনজাতি গৌরব দিবস পালন নিয়েও একাধিক ঘোষণা করেছে রাজ্য সরকার।

ওয়েব ডেস্ক : রাজ্যের কৃষকদের জন্য আগামী ৫ নভেম্বর অর্থ হস্তান্তরের কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার নবান্নে তিনি জানান, হুগলির পুরশুড়ায় একটি সভা থেকে রাজ্যের ৫০ লক্ষের বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। ওই কর্মসূচিতে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় ইতিমধ্যেই যে কৃষকেরা কেন্দ্রের কাছ থেকে দুই কিস্তিতে মোট ৬ হাজার টাকা পেয়েছেন, তাঁদের জন্য রাজ্যের তরফেও দুই কিস্তির অর্থ দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর প্রক্রিয়া পুরশুড়া থেকেই শুরু করবেন তিনি।

আরও খবর : এবার কালীপুজোয় জেলারগুলির দায়িত্বে একজন করে মন্ত্রী! নির্দেশ মুখ্যমন্ত্রীর

কৃষকদের অর্থ হস্তান্তরের পাশাপাশি সরকারি দফতরের বরাদ্দ খরচের বিষয়েও সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য সরকার। যে সমস্ত দফতর বরাদ্দ অর্থের ৭০ শতাংশ খরচ করতে পেরেছে, তাদের পরিকল্পনা খাতে আরও ২০ শতাংশ অতিরিক্ত অর্থ দেওয়া হবে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান, এই অর্থ বরাদ্দ একটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। যেসব দফতর প্রয়োজনীয় ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ব্যয়ের হিসাব জমা দিতে পারবে, তাদের অর্থ দেওয়া হবে।

এদিকে আগামী ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে ‘জনজাতি গৌরব দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ বছর এই কর্মসূচি আরও বড় আকারে আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News