Monday, February 2, 2026
HomeScrollবিদায় শীত! সময়ের আগেই বঙ্গে বসন্ত
Weather Update

বিদায় শীত! সময়ের আগেই বঙ্গে বসন্ত

শীত তলানিতে চলে গেলেও কুয়াশার দাপট থাকছেই

কলকাতা: শীতের (Winter) আমেজ যে দ্রুত ফিকে হয়ে আসছে, তা আর অজানা নয়। জানুয়ারির শেষ সপ্তাহেই কার্যত বাংলা ছাড়ার পথে শীত। মাঘ মাসে শীত-বিদায়ের ইঙ্গিত স্বাভাবিক নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সময়ের আগেই গরমের আগমনের আশঙ্কা। প্রশ্ন উঠছে, তবে কি চৈত্র মাসেই গরম তার ডানা মেলবে? আপাতত শীত তলানিতে ঠেকলেও সকালের দিকে কুয়াশার দাপট এখনও বজায় রয়েছে (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সরস্বতী পুজোর আগেই শীতের দাপট কমতে শুরু করেছিল, গত কয়েক দিনে সেই প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে।

আরও পড়ুন: বিএলএ ২-দের নিয়ে বৈঠক! বড় নির্দেশ মমতার

উত্তরবঙ্গেও ধীরে ধীরে পারদ চড়ছে। বেশির ভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকছে। ব্যতিক্রম শুধু দার্জিলিং, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা এখনও ৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে সেখানেও শীতের তীব্রতা আগের মতো নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যের কোথাও তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর কর্ণাটক পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা এবং উত্তর-পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্তের প্রভাবে শীতের কামড় কার্যত উধাও।

হাওয়া অফিসের মতে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী দিনে ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যেই থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করবে ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও বদলাবে ছবি। অর্থাৎ, বসন্তের আগমন এবার যেন একেবারেই সময়ের আগেই।

Read More

Latest News