কলকাতা: বসন্তের মাঝেই ফের বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) দিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Update)। দক্ষিণবঙ্গ থেকে শীত কার্যত বিদায় নিলেও উত্তরবঙ্গে এখনও ঠান্ডার আমেজ বজায় রয়েছে। ভোরের দিকে কুয়াশা দেখা যাচ্ছে, আর পাহাড়ে মাঝে মধ্যেই ভেসে উঠছে হালকা মেঘ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: শুক্রবারেও লক্ষ্মীবার! বৃদ্ধি যোগে ধনলাভের সম্ভাবনা, আজ ভাগ্য খুলতে পারে এই রাশিগুলির
শুক্রবার কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
শুক্রবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার চিত্র ভিন্ন ভিন্ন। কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার রোদ দেখা যাচ্ছে। শিলিগুড়িতে এদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে মেঘলা পরিবেশের মাঝেই হালকা রোদের দেখা মিলবে। পাহাড়ে এখনও ঠান্ডার আমেজ রয়েছে। তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কালিম্পংয়ে মেঘলা আকাশের সঙ্গে কুয়াশায় ঢাকা থাকতে পারে কাঞ্চনজঙ্ঘা। সেখানে তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে সমতলের জেলাগুলিতে আবহাওয়া তুলনামূলকভাবে পরিষ্কার। জলপাইগুড়িতে আকাশ পরিষ্কার থাকবে। গত ২৪ ঘণ্টায় সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬.০৫ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সেও আকাশ পরিষ্কার। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝকঝকে আকাশ দেখা গেলেও শীতের প্রভাব প্রায় নেই বললেই চলে। আবহাওয়া দফতরের মতে, সপ্তাহান্তে মেঘ-বৃষ্টি বাড়তে পারে, ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার মেজাজে ফের পরিবর্তন দেখা দিতে পারে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে আবারও আবহাওয়ার বদলের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা বাড়বে এবং ধীরে ধীরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি হতে পারে।
এরপর সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সেই সময় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, বুধবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। ফলে কয়েকদিন ধরে গরমের মাঝে স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতায় ধীরে ধীরে বাড়ছে গরমের দাপট। শহরের বর্তমান সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশ বেশি। শহরে আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৯০ শতাংশের মধ্যে ওঠানামা করছে। এর ফলে গরমের পাশাপাশি অস্বস্তিকর ভ্যাপসা অনুভূতিও বাড়ছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন গরম ও আর্দ্রতার জোড়া প্রভাবে শহরে অস্বস্তি আরও বাড়তে পারে, যদিও সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।







