কলকাতা: ধর্মতলার ধরনামঞ্চে (Dharmatala Dharna Mancha) হঠাৎই উত্তেজনা তৈরি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যের মাঝেই। আচমকা মাইক্রোফোন হাতে নিয়ে তিনি নির্দেশ দিলেন, বিজেপির (BJP) লিফলেট বিলি করা হলে সংশ্লিষ্টদের হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিতে।
মমতার অভিযোগ, ধরনামঞ্চের আশপাশে বিজেপির কর্মীরা ১৪ মার্চের ‘ব্রিগেড চলো’ কর্মসূচির লিফলেট বিলি করছিলেন। সেই খবর পেতেই মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। উপস্থিত কর্মীদের উদ্দেশে বলেন, “মিটিং শুনতে কেউ এলে সমস্যা নেই। কিন্তু এখানে বিজেপির লিফলেট বিলি করার কোনও অধিকার নেই। হাতেনাতে ধরুন, পুলিশকে হ্যান্ডওভার করুন।”
আরও পড়ুন: ডোন্ট শাউট বলছেন এক মহিলাকে!’ জ্ঞানেশ কুমারের সঙ্গে বাগ্বিতণ্ডায় চন্দ্রিমা
এমন নির্দেশে মঞ্চে উপস্থিত নেতাকর্মীরাও কিছুটা অবাক হয়ে যান। পরে গোটা বিষয়টি ব্যাখ্যা করে মমতা জানান, পরিকল্পনা করেই ধর্নামঞ্চ এলাকায় এই লিফলেট বিলি করা হচ্ছিল। তিনি শশী পাঁজাকে এই ঘটনায় এফআইআর করার নির্দেশও দেন। মঞ্চ থেকেই মমতা বলেন, “আগে ধরো, পালিয়ে যাবে। কাপুরুষের দল। মানুষের সমর্থন নেই বলেই এখানে লিফলেট বিলি করতে এসেছে।”
কিছুক্ষণ পর মমতার সামনে দু’জনের ছবি ও পোস্টারও আনা হয়। মুখ্যমন্ত্রী জানান, ওই দু’জন লিফলেট বিলি করছিলেন এবং পরে পালিয়ে যান। যদিও পরে তাঁদের আটক করা হয়েছে বলে জানা যায়। এই ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য ধরনামঞ্চ এলাকায় উত্তেজনা ছড়ায়।







