কলকাতা: ভোটের আগে বাংলার মানুষকে সতর্ক করল তৃণমূল কংগ্রেস (TMC)। দাবি করা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে অপ্রিয় পরিস্থিতি তৈরি করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এ নিয়ে তিনি কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের সঙ্গে শাহ বৈঠক করেছেন বলেও দাবি করা হয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, আগামী ১৫০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে আশঙ্কা করা হয়েছে, দ্বিতীয় দফার নির্বাচনের আগে বড় অ্যাকশন করতে চলেছে বিজেপি (BJP)। সেই মতোই নাকি পরিকল্পনা করা হয়েছে।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) এদিন জানান, দক্ষিণবঙ্গকে টার্গেট করার চেষ্টা করছে বিজেপি। দুই ২৪ পরগণা, কলকাতা হাওড়া হুগলিতে কিছু একটা করার চেষ্টা চালানো হতে পারে। কোনও অপ্রিয় পরিস্থিতি তৈরি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
আরও পড়ুন: ১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে?, মোদির হাতে ঝালমুড়ির ঠোঙা দেখে মমতার তোপ
এদিন শশী পাঁজা বলেন, “বাংলায় ভাওতাবাদী করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যেসব উন্নয়নমূলক কাজ করেছেন তা বন্ধ করতে চাইছে গেরুয়া শিবির।”
এর পরেই তাঁরা দাবি করেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সিবিআই, ইডি ও এনআইএ-এর শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন। কিছু একটা পাকানো হচ্ছে। আমরা বাংলাকে সাবধান করে দিচ্ছি। বাংলার এই মাটিতে আগামী ১৫০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। ” কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় কিছু একটা হতে চলেছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ডেরেক ও’ব্রায়েন ও মন্ত্রী শশী পাঁজা।
তৃণমূলের দাবি, একজন মহিলাকে হারাতে ১৮ ক্যাবিনেট মন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইডি, সিবিআই, এনআইএ, নির্বাচন কমিশন ও ২৪০০ প্লাটুন কেন্দ্রীয় বাহিনীকে ময়দানে নামানো হয়েছে। মমতাকে বন্দ্যোপাধ্যায়কে হারাতেই সকলে একজোট হয়ে কাজ করছে।







