কলকাতা: আর্থিক তছরুপ মামলায় গ্রেফতারের পর অবশেষে জামিন পেলেন আই-প্যাক (I-PAC)-এর ডিরেক্টর ভিনেশ চান্ডেল (Vinesh Chandel)। বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। উল্লেখযোগ্য, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁর জামিনের বিরোধিতা করেনি, তবে কিছু শর্ত আরোপের আর্জি জানিয়েছিল।
আদালত সেই শর্ত মেনেই জামিন দেয়। নির্দেশ দেওয়া হয়েছে, চান্ডেল কোনও প্রমাণ নষ্ট করতে পারবেন না বা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করতে পারবেন না। পাশাপাশি তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে, প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং তদন্তকারী সংস্থার নাগালের মধ্যেই থাকতে হবে তাঁকে।
আরও পড়ুন: আইসিএসই-আইএসসি ফলপ্রকাশ ২০২৬: পাশের হারে নজির, ফের এগিয়ে মেয়েরা
ইডির তরফে জানানো হয়েছে, চান্ডেল তদন্তে “স্বেচ্ছায় এবং উদ্দেশ্যপূর্ণভাবে” সহযোগিতা করছেন এবং সংস্থার কাজে কোনও বাধা সৃষ্টি করছেন না। সেই কারণেই জামিনে আপত্তি জানানো হয়নি বলে সূত্রের খবর।
গত ১৩ এপ্রিল ইডির জিজ্ঞাসাবাদের পর চান্ডেলকে গ্রেফতার করা হয়। এরপর ১৪ এপ্রিল আদালত তাঁকে ১০ দিনের ইডি হেফাজতে পাঠায়। পরে ২৩ এপ্রিল তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আদালত সে সময় পর্যবেক্ষণে জানায়, একাধিক প্রমাণের ভিত্তিতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে, কোটি টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত বেআইনি কার্যকলাপে তিনি যুক্ত থাকতে পারেন।
ভোপালের ন্যাশনাল ল’ ইনস্টিটিউট ইউনিভার্সিটি (NLIU)-র প্রাক্তনী চান্ডেল আই-প্যাকের ৩৩ শতাংশ শেয়ারহোল্ডার। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল নির্ধারণে এই সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই রাজনৈতিক মহলে পরিচিত। এই মামলায় তদন্ত এখনও চলছে। জামিন পেলেও আইনি জট কাটেনি বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।






