HomeScrollদলের চার নেতাকে শোকজ, সাত দিনের মধ্যে জবাব চাইলেন শমীক
BJP

দলের চার নেতাকে শোকজ, সাত দিনের মধ্যে জবাব চাইলেন শমীক

পুরুলিয়ার চার বিজেপি নেতাকে শোকজ বিজেপির, কারণ কী?

ওয়েব ডেস্ক : রাজ্য সভাপতির নির্দেশে বিজেপির (BJP) চার নেতাকে শোকজ (Show Cause Notice) করল দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। সরকারি আধিকারিকের গায়ে হাত তোলা, অশ্রাব্য ভাষায় হুমকি, শারীরিক হেনস্থা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর। যে চার নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাঁরা হলেন পুরুলিয়ার বাগমুণ্ডির অরুণ চন্দ্র মাঝি, মোহন সিং দেও, রাকেশ মাহাতো ও মিঠুন কুমার।

দলের তরফে পাঠানো শোকজ চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরবর্তী সময়ে একাধিক দফায় সরকারি স্বাস্থ্য আধিকারিকদের উপর আক্রমণ, ভাঙচুর এবং হেনস্থার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং দলের ভাবমূর্তির পরিপন্থী বলেও চিঠিতে জানানো হয়েছে।

আরও খবর : নির্বাচন ছাড়াই চলছিল নগর নিগমের প্রশাসক বোর্ড! পালাবদল হতেই বিরাট পদক্ষেপ আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদে

পশ্চিমবঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)-এর নির্দেশে অভিযুক্তদের সাত দিনের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, উত্তর না পাওয়া পর্যন্ত অভিযুক্ত নেতাদের সমস্ত ধরনের দলীয় দায়িত্ব থেকে বিরত থাকতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপির অন্দরেই শৃঙ্খলাভঙ্গ নিয়ে কড়া অবস্থান নেওয়ার বার্তা দিতে চাইছে রাজ্য নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News