কলকাতা: ‘নিউ আলিপুর সুরুচি সঙ্ঘ’-র (New Alipore Suruchi Sangha) সচিব স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) গ্রেফতারির পর শুক্রবার দক্ষিণ কলকাতার আলিপুরে উত্তেজনা ছড়ায়। একদল বিক্ষোভকারী ক্লাব চত্বরে ঢুকে ভাঙচুর চালায় এবং স্বরূপ বিশ্বাস ও তাঁর দাদা, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে স্লোগান দেয়। ক্লাবের বিভিন্ন হোর্ডিং, পোস্টার ও প্রচারসামগ্রীও ছিঁড়ে ফেলা হয়।
কলকাতার অন্যতম পরিচিত বারোয়ারি দুর্গাপুজো আয়োজক ক্লাব হিসেবে পরিচিত ‘সুরুচি সঙ্ঘ’। বহু বছর ধরে এই পুজো শহরের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’ও (Mamata Banerjee) নিয়মিত এই পুজোর উদ্বোধনে উপস্থিত থাকতেন। গত বছরের পুজোর থিম ছিল ‘আহুতি’, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেলুলার জেলের আদলে মণ্ডপ নির্মাণ করা হয়েছিল।
আরও পড়ুন: আদালতে মিলল না জামিন, কতদিন পুলিশি হেফাজতে থাকতে হবে স্বরূপ বিশ্বাসকে?
শুক্রবার বিকেলে কয়েকজন স্থানীয় যুবক ক্লাবে প্রবেশ করে ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, তাঁরা ক্লাবের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সেখানে থাকা নানা সামগ্রী বাইরে এনে প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের দাবি, ক্লাবের পরিচালনা ও আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও সরকারি ভাবে প্রমাণিত হয়নি।
বিক্ষোভ চলাকালীন ক্লাবের ভিতর থেকে কিছু সামগ্রী উদ্ধার করার দাবি করা হয়। পাশাপাশি ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন অনিয়ম ও অবৈধ কার্যকলাপ চলত বলেও অভিযোগ তোলেন কয়েকজন বিক্ষোভকারী। তবে এসব অভিযোগের বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে এক রূপটান শিল্পী শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। গ্রেফতারির পর টলিউডের একাংশ থেকেও তাঁর বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো এবং প্রভাব খাটানোর অভিযোগ সামনে এসেছে।
দেখুন আরও খবর:







