ওয়েব ডেস্ক: ভারতীয় সেনার পরবর্তী সেনাপ্রধান (Indian Army Chief) হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠের (Dhiraj Seth) নাম ঘোষণা করল কেন্দ্র সরকার। আগামী ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi) অবসর গ্রহণ করার পর তাঁর স্থলাভিষিক্ত হবেন ধীরজ শেঠ। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে কর্মরত রয়েছেন। চলতি বছরের ১ এপ্রিল এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
ধীরাজ শেঠ মহারাষ্ট্রের খড়গবাসলায় অবস্থিত এনডিএ-র (National Defence Academy) প্রাক্তনী। ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে তিনি আর্মার্ড কর্পসে কমিশনপ্রাপ্ত হন। প্রায় চার দশকের সামরিক জীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করেছেন তিনি। কাউন্টার-ইনসার্জেন্সি অভিযান থেকে শুরু করে মরুভূমি ও সমতল অঞ্চলে সাঁজোয়া বাহিনীর নেতৃত্ব— নানা ধরনের অপারেশনাল দায়িত্বে তাঁর অভিজ্ঞতা রয়েছে। তিনি মরুভূমি অঞ্চলে একটি আর্মার্ড রেজিমেন্ট, সমতল এলাকায় একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে একটি কাউন্টার-ইনসার্জেন্সি ফোর্সের নেতৃত্ব দিয়েছেন।
আরও পড়ুন: ফের ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের উপর হামলা! ঘটনাকে ঘিরে চরমে বিতর্ক, কী বলল নয়াদিল্লি?
লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হওয়ার পর তিনি সুদর্শন চক্র কর্পসের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং হিসেবেও কাজ করেন, যেখানে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক কর্মসূচির তত্ত্বাবধান করেছেন। পরবর্তী সময়ে তিনি দক্ষিণ-পশ্চিম কমান্ড এবং দক্ষিণ কমান্ড- উভয় বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় সেনাবাহিনীতে দু’টি পৃথক অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে।
শুধু মাঠপর্যায়ের নেতৃত্বই নয়, সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আধুনিকীকরণ কর্মসূচিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ধীরজ শেঠ। তিনি কর্নেল ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট (মেকানাইজড ফোর্সেস), ব্রিগেডিয়ার পার্সপেকটিভ প্ল্যানস অ্যান্ড অ্যাকুইজিশন এবং অতিরিক্ত মহাপরিচালক (ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট)-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
দেখুন আরও খবর:







