ওয়েব ডেস্ক : বাগনানের (Bagnan) বিজেপি কর্মী (BJP Worker) প্রশান্ত দে খুনের ঘটনায় শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার বিকেলে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। প্রশান্তর মা, স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বলেছেন, খুনিদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে যা করার, সেটাই করবে সরকার।
মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও তিনি আশ্বাস দেন। পরিবারের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে নিহতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রশান্ত দে-র বড় মেয়েকে বাগনান-২ বিডিও অফিসে চুক্তিভিত্তিক চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছোট মেয়ের পড়াশোনার সম্পূর্ণ খরচও সরকার বহন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও খবর : উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা
উল্লেখ্য, গত ১৭ জুন রাতে বাগনানের বাঁটুল গ্রামের বাসিন্দা ও বিজেপির স্থানীয় বুথ সহ-সভাপতি প্রশান্ত দে-কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় তাঁর উপর হামলা চালানো হয়। পরিবারের অভিযোগ, ঘটনার পর ফোনে অভিযুক্তরা জানায় যে প্রশান্তকে খুন করা হয়েছে। কেউ ঘটনাস্থলে এলে তাঁকেও মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা মফিজুল রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক বলেও দাবি।
দেখুন অন্য খবর :







