ওয়েব ডেস্ক: কলকাতার (Kolkata) রিপন স্ট্রিটে (Ripon Street) বুধবার সন্ধ্যায় একটি গাড়ির গ্যারেজে আচমকাই আগুন (Fire) লাগল। মুহূর্তের মধ্যে আগুনের সঙ্গে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়দের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনায় এখনও হতাহতের খবর পাওযা যায়নি।
দমকল ও স্থানীয় সূত্রে খবর, ১৭৪ নম্বর রিপন স্ট্রিটের (Ripon Street) ওই গ্যারেজ থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখেন এলাকার বাসিন্দারা। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। গ্যারেজের ভিতরে থাকা অন্তত একটি গাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও কোনও হতাহতের খবর মেলেনি।
আরও খবর : গঠিত হল সপ্তম পে কমিশন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যারেজে থাকা দাহ্য সামগ্রীর কারণে আগুন (Fire) দ্রুত ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের জেরে যাতে পাশের বাড়ি বা দোকানে আগুন না ছড়ায়, সেই লক্ষ্যেই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। আগুন পুরোপুরি নেভানোর পর ঘটনাস্থল পরীক্ষা করে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।







