কলকাতা: গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি (Rain Forecast)। জলমগ্ন হয়েছে শহরের বিভিন্ন রাস্তা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে নিত্যযাত্রীদেরও ভোগান্তি বেড়েছে (Weather Update)। এর মধ্যেই নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সোমবার বিকেলের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতা থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে অবস্থান করছিল গভীর নিম্নচাপটি। বর্ধমানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে প্রায় ৭০ কিলোমিটার, বাঁকুড়ার পূর্ব ও দক্ষিণ-পূর্বে প্রায় ১৪০ কিলোমিটার এবং ওড়িশার বালাসোরের উত্তর-পূর্বে প্রায় ১৯০ কিলোমিটার দূরে ছিল নিম্নচাপের অবস্থান।
আরও খবর : রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ড ও বিহারের দিকে এগিয়ে যেতে পারে। তবে তার প্রভাবেই মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছিল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ছিল অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। সেখানে ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা থাকলেও পুরোপুরি স্বস্তি মিলছে না। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। ওই জেলাগুলির কিছু অংশে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এ দিকে সমুদ্র এখনও উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। সেই কারণে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে জলমগ্ন এলাকা ও নদী সংলগ্ন অঞ্চলে সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।







