HomeScrollলিলুয়ায় বাগেশ্বর বাবার অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে, হাজির থাকার কথা মুখ্যমন্ত্রীর
Liluah

লিলুয়ায় বাগেশ্বর বাবার অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে, হাজির থাকার কথা মুখ্যমন্ত্রীর

৪, ৫ ও ৬ সেপ্টেম্বর তিন দিনের অনুষ্ঠান ঘিরে জোরকদমে প্রস্তুতি, হাজার হাজার ভক্তের সমাগমের সম্ভাবনা

হাওড়া : লিলুয়া (Liluah) ওয়ার্কশপ মাঠে বাগেশ্বর বাবা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর অনুষ্ঠানের প্রস্তুতি এখন তুঙ্গে। আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর তিন দিন ধরে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম হতে পারে। সেই কথা মাথায় রেখে ইতিমধ্যেই মঞ্চ, দর্শকাসন এবং অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ জোরকদমে চলছে।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিত থাকার কথা রয়েছে। বিপুল জনসমাগমের সম্ভাবনার কথা মাথায় রেখে নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানস্থল ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

আরও খবর : নোয়াপাড়ায় প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে পিটিয়ে খুন

এদিকে, অনুষ্ঠানকে সামনে রেখে লিলুয়া ওয়ার্কশপ মাঠে ভূমিপুজো ও খুঁটিপুজোর আয়োজন করা হয়। বালির বিধায়ক সঞ্জয় সিংয়ের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছিল। ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম পূজারিকে দিয়ে পুজো সম্পন্ন করা হয়। পুজোকে ঘিরেও স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়।

তিন দিনের এই ধর্মীয় অনুষ্ঠানে বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠান শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত প্রশাসন ও আয়োজকরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News