কলকাতা: রাজ্যের স্কুলপাঠ্যে ফের বড়সড় পরিমার্জন। অষ্টম শ্রেণির ইতিহাস বই থেকে বাদ পড়তে চলেছে ‘সিঙ্গুর আন্দোলন’। একই সঙ্গে পাঠ্যসূচি থেকে সরানো হচ্ছে ‘কন্যাশ্রী’ প্রকল্পের উল্লেখও। বাংলা ভাষার বইয়ে ‘পানি’, ‘আব্বা’, ‘আম্মু’-র মতো কিছু শব্দও আর রাখা হচ্ছে না বলে জানা গিয়েছে। আগামী শিক্ষাবর্ষে পড়ুয়াদের হাতে যে সংশোধিত বই পৌঁছবে, তাতেই এই পরিবর্তনগুলি দেখা যাবে।
২০০৬ সালে সিঙ্গুরে টাটার গাড়ি কারখানার জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই আন্দোলন দীর্ঘ সময় ধরে চলেছিল। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে ‘সিঙ্গুর আন্দোলন’ জায়গা পায়। নতুন সংশোধিত বইয়ে সেই অংশ আর থাকছে না।
পাশাপাশি ‘কন্যাশ্রী’ প্রকল্পের উল্লেখও বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, এটি কোনও ‘পরিবর্তন’ নয়, বরং পাঠ্যক্রমের পরিমার্জন ও সংশোধন। সময়ের মধ্যে নতুন বই তৈরি করে আগামী ২ জানুয়ারি বুক ডে-তে পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার লক্ষ্য রয়েছে।
ইতিহাসের ক্ষেত্রেও আরও কিছু পরিবর্তনের কথা জানা যাচ্ছে। মুঘল সাম্রাজ্যের ইতিহাস প্রয়োজন অনুযায়ী রাখার সিদ্ধান্ত হয়েছে বলে কমিটির চেয়ারম্যান জানিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন শ্রেণির বইয়ে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের বিষয় যুক্ত করার পরিকল্পনার কথাও আগেই জানিয়েছিল সিলেবাস কমিটি।
অর্থাৎ, ২০২৭ সালের শুরু থেকেই সংশোধিত পাঠ্যবই হাতে পেতে চলেছে রাজ্যের পড়ুয়ারা। কোন বিষয় বাদ পড়ল এবং কোন বিষয় নতুন করে জায়গা পেল, তা নিয়ে ইতিমধ্যেই শিক্ষা মহলে আলোচনা শুরু হয়েছে। পাঠ্যক্রম কমিটির দাবি, এই পরিবর্তনের উদ্দেশ্য পাঠ্যবইকে পরিমার্জন করা।







