ডুয়ার্স: ডুয়ার্সেফের বুনো হাতির হামলায় প্রাণ গেল এক স্থানীয় বাসিন্দার। আলিপুরদুয়ারের মেচপাড়া চা বাগানে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে ৬৯ বছর বয়সি ভুটকু ভোক্তার। মঙ্গলবার ভোরের এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ছড়িয়েছে আতঙ্ক। হাতির হানা রুখতে বন দফতরের কাছে স্থায়ী পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেচপাড়া চা বাগানের ৯ নম্বর লাইনের বাসিন্দা ছিলেন ভুটকু। মঙ্গলবার ভোর প্রায় ৫টা নাগাদ শৌচকর্মের জন্য বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন তিনি। সেই সময় ঝোপের আড়ালে লুকিয়ে থাকা একটি বুনো হাতি আচমকাই তাঁর উপর হামলা চালায়। হাতিটি তাঁকে পায়ের তলায় পিষে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। খবর দেওয়া হয় বন দফতর ও পুলিশকে। পরে বনকর্মী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এই মৃত্যুর পর মেচপাড়া চা বাগানজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই জঙ্গল থেকে বুনো হাতি লোকালয়ে ঢুকে পড়ে। এর আগেও হাতির হামলায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। ফলে চা বাগানের বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তাঁদের দাবি, শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, হাতির লোকালয়ে প্রবেশ আটকাতে বন দফতরকে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ করতে হবে।
অন্যদিকে, বন দফতর সূত্রে জানানো হয়েছে, সরকারি নিয়ম মেনে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে ক্ষতিপূরণের আশ্বাসের পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।







