HomeScrollকাজিরাঙার কাছে ভয়াবহ দুর্ঘটনা, কন্টেনার ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে মৃত ২৩
Kaziranga Road Accident

কাজিরাঙার কাছে ভয়াবহ দুর্ঘটনা, কন্টেনার ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে মৃত ২৩

বোকাখাত থেকে নগাঁও যাওয়ার পথে রঙাজানে দুর্ঘটনার কবলে মিনিবাস, আহত সাতজনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

ওয়েব ডেস্ক : অসমের (Assam) গোলাঘাট জেলায় কাজিরাঙার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Accident) প্রাণ গেল অন্তত ২৩ জনের। বৃহস্পতিবার রঙাজান এলাকায় একটি মিনিবাসের সঙ্গে কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল মিনিবাসটি। সেই সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগতেই দুমড়েমুচড়ে যায় গাড়িটি।

সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে মিনিবাসের ভিতরে আটকে পড়েন একাধিক যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। গোলাঘাট জেলার এক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, চিকিৎসকেরা এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃতদের পরিচয় জানার কাজ চলছে। এর আগে গোলাঘাটের পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত বাস থেকে দেহ উদ্ধারের কাজ চলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও খবর :  ‘আমার ফোনেই প্রমাণ রয়েছে’, মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুলের! ফের বিতর্কে মুখোমুখি বসার চ্যালেঞ্জ

প্রাথমিকভাবে জানা গিয়েছে, কাজিরাঙা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ থাকা সত্ত্বেও মিনিবাসটি সম্ভবত দ্রুতগতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়েই চালক ট্রাকের সঙ্গে ধাক্কা মারেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকাজ ও মৃতদের শনাক্ত করার প্রক্রিয়া এখনও চলছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের সর্বোত্তম চিকিৎসার আশ্বাস দিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত থেকে ত্রাণ ও উদ্ধার পরিস্থিতি তদারকি করছেন মন্ত্রী অতুল বরা। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈও শোকপ্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News