ওয়েব ডেস্ক : শেখ হাসিনাকে (Sheikh Hasina) ফেরাতে ঢাকাকে দুই শর্ত নয়াদিল্লির। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের তারেক রহমানের সরকারের কাছে দুটি শর্ত রেখেছে মোদি সরকার। প্রথমত, হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তাঁর আত্মপক্ষ সমর্থন এবং আইনি লড়াইয়ের সুযোগ নিশ্চিত করতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম শর্ত, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সে দেশের সেনাবাহিনীকে বিশেষ বিমান পাঠাতে হতে পারে ভারতে। ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে সরকারের পতনের পর সেনাবাহিনীর বিশেষ বিমানেই দিল্লিতে পৌঁছেছিলেন হাসিনা। এবারও তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা চায় নয়াদিল্লি। অর্থাৎ, গোটা প্রক্রিয়ায় বাংলাদেশের সেনাবাহিনীকেই প্রধান দায়িত্ব নিতে হবে।
আরও খবর : জেনসেন হুয়াংয়ের উত্তরসূরি কে? এনভিডিয়ার শীর্ষ পদে তিন ভারতীয় বংশোদ্ভূত কর্তার নাম ঘিরে জল্পনা
দ্বিতীয় শর্তটি আরও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে। পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন ঘিরে গণহত্যার অভিযোগে তাঁর বিচারপ্রক্রিয়ায় নতুন করে শুনানির সুযোগ নিশ্চিত করতে হবে। আত্মপক্ষ সমর্থনের অধিকার যাতে বজায় থাকে, সেই বিষয়েও জোর দিচ্ছে ভারত।
উল্লেখ্য, ২০২৬ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন শেখ হাসিনা। তবে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানাননি তিনি। তাঁর প্রত্যাবর্তন ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে সূত্রের খবর। গত ১৩ নভেম্বর ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে প্রশ্নের উত্তরে কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে, বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও প্রস্তাবিত শর্তগুলি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জল্পনা থাকলেও বিষয়টি এখনও অনিশ্চিত।







