ওয়েব ডেস্ক : ভবানীপুর থানায় দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর অবশেষে বাইরে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক যখন থানার ভিতরে ছিলেন তখন বাইরে থেকে তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান ওঠে। পরে তাঁর অনুগামীরাও থানার সামনে জমায়েত করেন। বলে রাখা দরকার শনিবার দুপুর ১২টা ২৩ মিনিটে থানায় পৌঁছন অভিষেক। বিকেল সাড়ে ৪টে নাগাদ বেরিয়ে এসে তাঁর অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ে না পেরে তাঁকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে।
ঘটনার সূত্র গত ২ মে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে এক্স হ্যান্ডলে মন্তব্য করেছিলেন অভিষেক। তা নিয়ে ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ করেন অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, এই ধরনের মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি বিঘ্নিত হতে পারে। সেই মামলাতেই হাজিরার নির্দেশ পেয়ে এদিন থানায় যান অভিষেক।
থানা থেকে বেরিয়ে কালীঘাটে নিজের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক জানান, “আমাকে যখনই ডেকেছে গিয়েছি। কখনও জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাইনি। তদন্তকারী সংস্থা যা প্রশ্ন করেছেন সব উত্তর দিয়েছি। তদন্তের স্বার্থে সব সময় হাজির হয়েছি। মিথ্যা মামলায় ডাকা হচ্ছে। গুজরাটি গ্যাং কেন বলেছি তার ব্যাখ্যাও দিয়েছি। বিজেপি মনে করে বাংলা বলে কোনও ভাষা নেই। বাংলাদেশি ভাষা আছে। বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছিলেন অমিত মালব্য।”
এদিন বিজেপির বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তোলেন অভিষেক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান এবং তাঁর বাড়ির সামনে শহিদ বেদি ভাঙার প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেন। গরিব মানুষের বাড়িতে বুলডোজার চালানোর বদলে তাঁর বাড়িতে চালানোর চ্যালেঞ্জও ছুড়ে দেন। পাশাপাশি আবাস যোজনা ও সড়ক যোজনার টাকা থেকে রাজ্যকে বঞ্চিত করার অভিযোগে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি।







