ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপকে ঘিরে বাড়ছে ঘূর্ণিঝড়ের (Cyclone) আশঙ্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ। পরিস্থিতি অনুকূলে থাকলে ১৭ নভেম্বরের মধ্যে সেটি আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এরপর উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বড় ধরনের ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা আপাতত কম। তবে নিম্নচাপের প্রভাবে রাজ্যের আবহাওয়ায় (Weather) কিছুটা পরিবর্তন হতে পারে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও সোমবার উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও খবর : সপ্তম বেতন কমিশনে মতামত জমার সময় বাড়ল, ৩০ নভেম্বর পর্যন্ত সুযোগ রাজ্য সরকারি কর্মীদের
মঙ্গলবারও রাজ্যের অধিকাংশ জেলার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কিন্তু বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসার ইঙ্গিত রয়েছে। ওই দিন কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আকাশ কেমন থাকবে?
শহর কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। যদিও দিনের দ্বিতীয় ভাগে আকাশে মেঘের আনাগোনা বাড়তে পারে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।







