Homeলাইফস্টাইলএকক কবিতা সংকলন ‘স্মৃতির গোধূলি’ প্রকাশিত হতে চলেছে আগামী মাসে
Smritir Godhuli

একক কবিতা সংকলন ‘স্মৃতির গোধূলি’ প্রকাশিত হতে চলেছে আগামী মাসে

তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল সত্যজিৎ রায় সম্পাদিত বিখ্যাত শিশুসাহিত্য পত্রিকা ‘সন্দেশ’-এ

কলকাতা: পেশায় চিকিৎসক, নেশায় সাহিত্যসাধক। চিকিৎসা জগতের ব্যস্ত সরণি পেরিয়ে কলমের জাদুতে যিনি মন জয় করেছেন বহু মানুষের, সেই পরিচিত মুখ ডা. কঙ্কণ সেনগুপ্ত এবার আত্মপ্রকাশ করতে চলেছেন এক নতুন পরিচয়ে। আগামী ২০ ডিসেম্বর, ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে তাঁর প্রথম একক কবিতা সংকলন ‘স্মৃতির গোধূলি’। কবি ও চিকিৎসকের এই দ্বৈত সত্তার অপূর্ব সেতুবন্ধন যে বাংলা সাহিত্যের আঙিনায় এক নতুন মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।

ডা. কঙ্কণ সেনগুপ্ত কলকাতার চিকিৎসা মহলে এক সুপরিচিত নাম। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ ও স্বায়ত্তশাসিত এশিয়ার সর্ববৃহৎ হোমিওপ্যাথিক প্রতিষ্ঠান—সল্টলেকের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি’ থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক এবং জীবনশৈলী রোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি দীর্ঘ কুড়ি বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন। তাঁর নিজস্ব ক্লিনিক ‘জেনিথ’ ও ‘জেনিথ হেলথ ক্লিনিক’ আজ কলকাতার অন্যতম সেরা হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র। এর পাশাপাশি তিনি আনন্দলোক হসপিটাল, রেঁনেসা হসপিটাল এবং জুম ডায়াবেটিক রিসার্চ সেন্টারের মতো স্বনামধন্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত থেকেছেন।

তবে মানুষের জীবন বাঁচানোর এই লড়াইয়ের আড়ালে শৈশব থেকেই লালিত হয়েছে তাঁর কবিমন। প্রখ্যাত কবি প্রয়াত সুনির্মল চক্রবর্তীর অনুপ্রেরণায় তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল সত্যজিৎ রায়, লীলা মজুমদার ও নলিনী দাশ সম্পাদিত বিখ্যাত শিশুসাহিত্য পত্রিকা ‘সন্দেশ’-এ। পরবর্তী সময়ে ‘সন্দেশ’ ছাড়াও বহু লিটল ম্যাগাজিন, পত্রিকা ও শারদীয়া সংকলনে নিয়মিত প্রকাশিত হয়েছে তাঁর লেখা কবিতা। কেবল কবিতাতেই সীমাবদ্ধ নয় তাঁর সৃষ্টিশীলতা; তিনি একাধারে ছোটগল্পকার, আবৃত্তিকার, সুরকার ও গায়ক। তবে একক কবিতা সংকলন হিসেবে ‘স্মৃতির গোধূলি’ তাঁর সাহিত্যজীবনের প্রথম পূর্ণাঙ্গ পদক্ষেপ, যা শুরুতেই মুন্সিয়ানার দাবি রাখে।

সাহিত্যের সমালোচক ও গুণমুগ্ধ পাঠকদের মতে, ইদানীংকালের বাংলা কবিতায় ছন্দোময়তা ও শব্দচয়নের যে অভিনবত্ব ক্রমেই হারিয়ে যেতে বসেছে, ‘স্মৃতির গোধূলি’ সেই অতৃপ্তিকে দূর করতে এক বড় ভূমিকা নেবে। কবির অসাধারণ ছন্দবোধ ও নিখুঁত শব্দচয়নে প্রতিটি কবিতায় জীবন্ত হয়ে উঠেছে আমাদের ফেলে আসা অতীতের খাতার হারানো পাতার নানা গল্প। কখনো তা মধ্যবিত্তের চাওয়া ও পাওয়ার এক আকাশ ফারাক, আবার কখনো বা গোধূলির আলোয় প্রেমকে হারিয়ে ফেলার গভীর বিরহকাতরতা।

চিরন্তন মৃত্যুর আবাহন থেকে আদি অনন্তের সৃষ্টি রহস্য, আকাশ ছোঁয়ার অবুঝ ইচ্ছে থেকে অপ্রেমের জালে জড়িয়ে পড়ার গ্লানি—সবকিছুর সঙ্গেই কবি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন স্মৃতির রোমন্থন। কবির সহজাত দক্ষতার সুবাদেই কবিতাগুলি কেবল পঙক্তির বেড়াজালে বন্দি থাকে না, বরং এক অদৃশ্য সুরের মায়াজালে তা উন্নীত হয় সঙ্গীতের স্তরে। শৈশবের ফিকে হয়ে আসা দিনগুলোকে সুদূরের পাখির ডানায় ফিরে পাওয়ার আকুলতা কিংবা কুড়ি বছর বয়সের প্রথম প্রেমের শিহরণ—সবকিছুই সাবলীল ছন্দ ও ভাবের জাদুতে মূর্ত হয়ে উঠেছে এই গ্রন্থে।

পথের বাঁকে অপ্রেমের গ্লানি ভুলে শেষের গোধূলির কনে দেখা আলোয় ফেলে আসা স্মৃতির হাত ধরেই পাঠক খুঁজে পাবেন জীবনের বহু না-বলা সত্য। সব মিলিয়ে, কবিতার গুণমুগ্ধ পাঠক এবং বাচিক শিল্পীদের জন্য ‘স্মৃতির গোধূলি’ যে এক অনন্য স্বাদের খোরাক জোগাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আগামী ২০ ডিসেম্বর এই নতুন বই প্রকাশকে কেন্দ্র করে সাহিত্যপ্রেমী মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে বাড়তি উন্মাদনা।

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News