ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone) ‘আকভান’। তার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সুন্দরবন জুড়ে জলপথ ও স্থলপথে পুলিশের তরফে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।
আলিপুর আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। বর্তমানে চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে সেটি। এর প্রভাবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে।
কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ ও ১৯ নভেম্বর কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে ১৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বুধবার হালকা বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় তৎপরতা শুরু হয়েছে। জলপথ ও স্থলপথে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি নদী ও সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুন্দরবনের দুর্বল নদী ও সমুদ্রবাঁধগুলির উপর নজর রাখছে সেচ দফতর।







