ওয়েব ডেস্ক : কলেজ স্ট্রিটে (College Street) বইয়ের স্টল ঘিরে বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়াল। বামপন্থী ও প্রগতিশীল সাহিত্যের পালটা জাতীয়তাবাদী বইয়ের সম্ভার নিয়ে এসএফআইয়ের (SFI) স্টলের সামনেই নিজেদের স্টল বসাতে চায় এবিভিপি (ABVP)। তা নিয়েই দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। পরে পরিস্থিতি গড়ায় হাতাহাতিতে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বসানো হয় ব্যারিকেড ও গার্ডরেল।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। পুলিশি অনুমতি নিয়ে মহাবোধি সোসাইটির সামনে তিন দিনের ‘মিনি বইমেলা’র আয়োজন করেছিল সিপিএম (CPM)। মূলত এসএফআইয়ের উদ্যোগে চলছিল বুকস্টল তৈরির কাজ। কিন্তু পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এরপর ট্রাম লাইনের উপর বই সাজিয়ে বসেন এসএফআই সদস্যরা। পুলিশ সেই বই সরাতে গেলে উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার দিনভর অশান্ত ছিল কলেজ স্ট্রিট চত্বর।
আরও খবর : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, সুন্দরবনে পুলিশের মাইকিং
বুধবার সকালে এসএফআইয়ের বুকস্টলের সামনেই পালটা বইয়ের স্টল সাজানোর উদ্যোগ নেয় এবিভিপি। বিবেকানন্দের বই ও ভারতমাতার ছবি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সংগঠনের সদস্যরা। এসএফআইয়ের অভিযোগ, তাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। মার্ক্স ও লেনিনের বই রাস্তায় ছুড়ে দেওয়া হয়। এরপরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ ব্যারিকেড ও গার্ডরেল দিয়ে এলাকা ঘিরে দিলেও উত্তেজনা কমেনি। ব্যারিকেড ভাঙার চেষ্টা ঘিরে এবিভিপি সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। সংঘর্ষের মধ্যে এসএফআইয়ের এক সদস্য আহত হয়ে রাস্তায় পড়ে যান। তাঁকে দ্রুত উদ্ধার করা হয়। অন্যদিকে, নিজেদেরও বুকস্টল বসানোর অনুমতি দেওয়ার দাবিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান এবিভিপি সদস্যরা।







