HomeScrollদিল্লির এসআইআরে ফর্ম ৭ নিয়ে কারচুপির অভিযোগ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি
Delhi SIR

দিল্লির এসআইআরে ফর্ম ৭ নিয়ে কারচুপির অভিযোগ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি

নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা! ফর্ম ৭-এর অপব্যবহার নিয়ে নিরপেক্ষ তদন্তের আর্জি আবেদনকারীদের

ওয়েব ডেস্ক : দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় ফর্ম ৭-এর অপব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা। তাঁদের দাবি, আপত্তি জানানোর এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের ভোটারদের নিশানা করা হচ্ছে।

দিল্লির এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে আগে থেকেই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন অঞ্জলি ভরদ্বাজ ও অমৃতা জোহরি। এবার তাঁরা অতিরিক্ত আবেদন জমা দিয়েছেন। সেখানে ফর্ম ৭-এর মাধ্যমে আপত্তি জানানোর ক্ষেত্রে জালিয়াতি এবং পরিচয় সংক্রান্ত প্রতারণার অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাওয়া হয়েছে।

আরও খবর :  দিল্লির বিক্ষোভ মামলায় সংশোধিত আবেদন গৃহীত, বিবাদী পক্ষদের নোটিশ সুপ্রিম কোর্টের

আবেদনকারীরা আদালতের কাছে ৬ নভেম্বরের নির্দেশ অবিলম্বে কার্যকর করার আর্জি জানিয়েছেন। তাঁদের দাবি, এএসডিডি শ্রেণিতে থাকা ভোটারদের তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া সহজ করতে হবে। দিল্লির এএসডিডি তালিকাভুক্ত প্রত্যেক ভোটারকে তথ্য সংগ্রহের ফর্ম জমা দেওয়ার সুযোগ দিতে হবে। পাশাপাশি, তাঁরা আগে ফর্ম ৬ জমা দিয়ে থাকুন বা না থাকুন, তাঁদের পুরনো ইপিআইসি নম্বর পুনর্বহালের দাবিও জানানো হয়েছে। নির্বাচনী এলাকাভিত্তিক তথ্য প্রকাশের আর্জি উঠেছে। সেখানে কতজন এএসডিডি ভোটার তথ্য সংগ্রহের ফর্ম জমা দিয়েছেন এবং কতজনের নাম ফের ভোটার তালিকায় উঠেছে, তা জানাতে হবে।

এ ছাড়াও দিল্লির এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন আবেদনকারীরা। যাতে তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটাররা অন্তর্ভুক্তির জন্য যথাযথ সুযোগ পান। মোস্তফাবাদ-সহ বিভিন্ন এলাকায় ফর্ম ৭-এর অপব্যবহারের অভিযোগে নিরপেক্ষ তদন্ত চাওয়া হয়েছে। যাঁদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে, তাঁদের পরিচয় ও বৈধতা যাচাইয়ের আর্জিও জানানো হয়েছে। পাশাপাশি, ফর্ম ৭-এর মাধ্যমে আপত্তি জানানো ব্যক্তিদের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ মর্যাদা রয়েছে কি না, তা প্রকাশ করতে হবে। ফর্ম ১০-এর মাধ্যমে প্রকাশ্য তথ্যেও সেই বিষয়টি উল্লেখ করার দাবি জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News