ওয়েব ডেস্ক : ভারী বৃষ্টির সতর্কতার মধ্যেই কলকাতার (Kolkata) কয়েকটি এলাকায় জল জমতে শুরু করেছে। আর্মস্ট্রং স্ট্রিটে ইতিমধ্যেই জমা জলের ছবি সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভার তরফে দু’টি সাকশন মেশিন আনা হয়েছে। চলছে জমা জল বের করার কাজ। যদিও সিআর অ্যাভিনিউ এবং ঠনঠনিয়া কালীবাড়ি-সহ শহরের একাধিক এলাকায় এখনও জল জমার সমস্যা দেখা যায়নি। পুরসভার দাবি, পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত কাজ করছে পাম্পিং ব্যবস্থা।
আগামী ১২ ঘণ্টার জন্য কলকাতায় বিশেষ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আকাশ মূলত মেঘলা থাকবে। থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক-দু’বার তীব্র বৃষ্টির স্পেল আসতে পারে। সেই সময় ঘণ্টায় ২-৩ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।
আরও খবর : ভোর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি, ‘আকভান’-এর প্রভাব বাড়ার আশঙ্কা! ৫ জেলায় কমলা সতর্কতা জারি
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১২ ঘণ্টায় মোট বৃষ্টির পরিমাণ ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সেই কারণেই শহরের বিভিন্ন এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। ভারী বৃষ্টির জেরে কলকাতার নিচু এলাকাগুলিতে জল জমতে পারে। বন্ধ হয়ে যেতে পারে কোনও কোনও আন্ডারপাস। তীব্র বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। রাস্তার জল এবং কম দৃশ্যমানতার কারণে যান চলাচল ব্যাহত হতে পারে। বাড়তে পারে যাতায়াতের সময়।
পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্কভাবে যান চলাচল নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বাড়ি থেকে বেরোনোর আগে নিজের যাত্রাপথের যানজটের পরিস্থিতি জেনে নেওয়ার কথা বলা হয়েছে। জল জমার প্রবণ এলাকাগুলি এড়িয়ে চলা এবং তীব্র বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। প্রয়োজন হলে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হওয়ার এক থেকে দু’ঘণ্টা আগে নাউকাস্ট সতর্কতা জারি করা হবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।







