ওয়েব ডেস্ক : রবিবার সংস্কারের কাজের জন্য ১৬ ঘণ্টা বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২২ নভেম্বর সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না।
সেতুর বিয়ারিং, কেবল-সহ একাধিক গুরুত্বপূর্ণ অংশে মেরামতির কাজ চলবে ওই সময়। তাই আগেভাগেই বিকল্প পথের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে পৌঁছনো যাবে। চাইলে হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোডেও যাওয়া যাবে।
আরও খবর : ওড়িশা-অন্ধ্র উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পরোক্ষ প্রভাবে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে
অন্যদিকে, জেএন আইল্যান্ড থেকে কেপি রোড হয়ে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে আসা যানবাহনের জন্যও থাকছে পরিবর্তিত রুট। সেগুলিকে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কেপি রোডের গাড়িগুলি ওয়াই পয়েন্ট হয়ে ১১ ফারলং গেট দিয়ে রেড রোডে পৌঁছবে। সেখান থেকে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবেন চালকেরা।
উল্লেখ্য, বিদ্যাসাগর সেতুর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (এইচআরবিসি)। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থাই সেতুর দেখভাল করে। সংস্কারের কাজের কারণে রবিবার নির্ধারিত সময়ের মধ্যে যাঁদের কলকাতা-হাওড়া যাতায়াতের পরিকল্পনা রয়েছে, তাঁদের বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে।







