ওয়েব ডেস্ক : ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করা হল বিজেপি বিধায়ক রেখা পাত্রকে (Rekha Patra)। সোমবার সকালে তাঁর ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আপাতত স্থিতিশীল তাঁর শারীরিক অবস্থা। তবে এখনও সম্পূর্ণ বিপদমুক্ত নন তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বিধায়ক।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষক্রিয়ার কারণে রেখার মুখে অতিরিক্ত লালা জমছিল। অসচেতন অবস্থায় সেই লালা ফুসফুসে ঢুকে অক্সিজেন সরবরাহে বাধা তৈরি করে। সিটি স্ক্যান রিপোর্টে এই সমস্যা ধরা পড়েছে বলে খবর। তাঁর রক্তচাপ, ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে। তবে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় তা স্বাভাবিক করতে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।
আরও খবর : অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাই কোর্ট, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল সুরক্ষা, কী জানাল আদালত?
শনিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সিসিইউতে ভর্তি ছিলেন বিধায়ক। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এরপর কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সেখানে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল।
অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, খাবারে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়েছেন রেখা। অসুস্থ হওয়ার পাঁচ দিন আগেও একটি বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক। তারপর শনিবার রাতে আচমকা তাঁর অসুস্থতার খবর সামনে আসে।







